‘পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসে নতুন নয়!’ ট্রাম্পের দাবির পরই ইসলামাবাদের বিরুদ্ধে সরব ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জেরে ফের বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে শোরগোল শুরু হয়েছে। ট্রাম্প ইঙ্গিত করেছেন, পাকিস্তানের পাশাপাশি আরও একাধিক দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। ট্রাম্পের এই দাবির পরই এই ইস্যুতে ইসলামাবাদকে কড়া তোপ দেগেছে ভারত।
ট্রাম্পের দাবি: ‘গোপনে পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান-সহ অনেক দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যেখানে আমেরিকাই একমাত্র দেশ, যারা তা করে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন:
“রাশিয়া পরীক্ষা চালাচ্ছে এবং চিনও পরীক্ষা চালাচ্ছে ৷ কিন্তু তারা এ বিষয়ে কথা বলে না… আমরা একটি উন্মুক্ত সমাজ। আমরা আলাদা। আমরা এ বিষয়ে কথা বলি। আমাদের এ বিষয়ে কথা বলতে হবে ৷”
পাকিস্তানের ‘বেআইনি কার্যকলাপ নতুন নয়’, কড়া বার্তা ভারতের
ট্রাম্পের মুখে পাকিস্তানের নাম আসার পরই এই ইস্যুতে কড়া অবস্থান নেয় ভারত। কড়া সুরে জানানো হয়, “পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসে নতুন নয়।”
রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রসঙ্গে বলেন:
“যারা যা পরীক্ষা করতে চায়, করতে থাকুক। আমরা তো তাদের আটকাতে পারব না। তবে, যা কিছুই হোক না কেন, ভারত সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছে।”
রাজনাথ অবশ্য মাটির নীচে ভারতের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে কিছু বলতে চাননি। তবে, তিনি বুঝিয়ে দেন যে বিষয়টি গোপন রাখা হলেও ভারত সব সময়ের জন্য প্রস্তুত আছে। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু উত্তেজনা ফের বৃদ্ধি পেল।