“মাসিক ৪ লক্ষ টাকাও পর্যাপ্ত নয়?”-আরও বেশি খোরপোশের দাবি, শামিকে সুপ্রিম কোর্টের নোটিশ!

স্ত্রী হাসিন জাহান দায়ের করা মামলার প্রেক্ষিতে এবার ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। হাসিন তাঁর ও কন্যার দেখভালের জন্য আরও বেশি মাসিক খোরপোশের দাবি জানিয়েছেন, যা কলকাতা হাইকোর্টের নির্দেশিত অর্থের চেয়েও বেশি। এইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও।

শামি এবং হাসিনের মধ্যে বিচ্ছেদের মামলায় কলকাতা হাইকোর্ট খোরপোশ বাবদ প্রতি মাসে স্ত্রীকে দেড় লক্ষ টাকা এবং কন্যার দেখভালের জন্য আড়াই লক্ষ টাকা, অর্থাৎ মোট ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্রিকেটারকে।

হাসিন জাহান সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। শুক্রবার মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত প্রশ্ন করে, “প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যাপ্ত নয়?”। তবে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়ে ৪ সপ্তাহের মধ্যে জবাবদিহি করতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।

মামলাকারী হাসিন জাহানের আইনজীবী সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছেন, মহম্মদ শামি একজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং তাঁর শত কোটি টাকার সম্পত্তি রয়েছে।

আইনজীবী বলেন: “আমার মক্কেলের স্বামী অনেক টাকা রোজগার করেন। ওঁর হলফনামা খতিয়ে দেখা হোক। শত কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। গাড়ি রয়েছে, ঘনঘন বিদেশ ভ্রমণ করেন। সর্বোপরি উনি বিলাসবহুল জীবনযাপন করেন।”

হাসিন আরও জানান, দীর্ঘ কয়েক মাস ধরে মহম্মদ শামি খোরপোশের টাকা দিচ্ছেন না, যা আদালতের নির্দেশ লঙ্ঘন। হাসিনের দাবি, স্বামীর রোজগারে তাঁর কোনো সরাসরি দাবি না থাকলেও কন্যাসন্তানের সম্পূর্ণ অধিকার রয়েছে। বাবার মতোই বিলাসবহুল জীবনযাপন করার এবং ‘সম্মানের সঙ্গে বাঁচার’ অধিকার রয়েছে তাঁদের সন্তানের।

উল্লেখ্য, ২০১৮ সালে গার্হস্থ্য হিংসা ও পণ চাওয়ার অভিযোগ ওঠার পর থেকে মহম্মদ শামি এবং হাসিন জাহানের মধ্যে এই আইনি লড়াই চলছে।