এনুমারেশন ফর্ম বিলি নিয়ে ধুন্ধুমার! বাঁকুড়ার পাত্রসায়রে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রাতভর মারপিটে আহত দু’পক্ষের কর্মী

ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তপ্ত থাকল বাঁকুড়ার পাত্রসায়র এলাকা। হামিরপুর গ্রামে তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) কর্মীদের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ।

গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান বুথ লেভেল অফিসার (BLO)। সেখানে তৃণমূল এবং বিজেপি—উভয় দলেরই বুথ লেভেল এজেন্টরা (BLA) উপস্থিত ছিলেন। অভিযোগ, ফর্ম বিলি করার সময় বিজেপির BLA-কে মারধর করেন তৃণমূলের BLA। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে।

রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি এবং তাঁর অনুগামীদের ব্যাপক মারপিট হয়। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এছাড়াও, পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। একইসঙ্গে সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলার অভিযোগ উঠেছে।

যদিও তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। উল্টে ঘাসফুল শিবির বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে। দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বর্তমানে পাত্রসায়র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।