রাস পূর্ণিমায় লাখো ভক্তের সমাগম, চৈতন্যদেবের স্মৃতিধন্য কাকরাজিত গ্রামে সেবাইতদের কাঁধে নৃত্য করেন মহাপ্রভু

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব হলো রাস উৎসব। শক্তির দেবী কালীর পুজোর রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ লক্ষ ভক্তের সামনে বিশেষ নৃত্যের সাক্ষী হলো পশ্চিম মেদিনীপুর। চৈতন্যদেবের স্মৃতিধন্য পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কাকরাজিত গ্রামে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালিত হয়।
বেশ কয়েক দশক ধরে চলে আসা এই রাস উৎসবের প্রধান আকর্ষণ হলো ‘মহাপ্রভু নৃত্য’। এখানে মহাপ্রভু স্বয়ং সেবাইতদের কাঁধে চেপে নৃত্য পরিবেশন করেন। উৎসবের দিনগুলিতে গোটা এলাকা ঢাকের আওয়াজে মুখর হয়ে ওঠে। এই বিশেষ নৃত্য দেখতে দূরদূরান্ত থেকে প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্ত ভিড় জমান। শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, পার্শ্ববর্তী ওড়িশা এবং পূর্ব মেদিনীপুর থেকেও অসংখ্য ভক্ত ছুটে আসেন এই ঐতিহ্যবাহী পার্বণে।
বাংলা-ওড়িশা সীমান্তবর্তী এই কাকরাজিত গ্রামটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। লোকবিশ্বাস, শ্রীচৈতন্যদেব পুরী ভ্রমণের সময় এই পথ ধরেই গিয়েছিলেন। মনে করা হয়, এরপর থেকেই এই এলাকায় রাস উৎসবের সূচনা হয় এবং তা বহু প্রাচীন ইতিহাস বহন করে চলেছে। প্রায় পাঁচ দিন ধরে চলে এই অনুষ্ঠান, যেখানে পূর্ণিমার দিন কয়েক হাজার মানুষের ভিড় জমে।
কাকরাজিত গ্রামের এই মহাপ্রভুর নৃত্য উৎসবটি এই অঞ্চলের প্রধান বিশেষত্ব এবং বহু দশকের পুরনো এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান।