গিল নেতৃত্বে ছাপ রাখবে, তবুও সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! অজি সফরে ভারতীয় অধিনায়ককে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তে এই সিরিজ থেকেই ওয়ান ডে ফর্ম্যাটে গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। এই আসন্ন সিরিজ এবং গিলের নেতৃত্ব নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ফিঞ্চের ভবিষ্যদ্বাণী: সিরিজ অস্ট্রেলিয়ার
আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারন ফিঞ্চ এই সিরিজ নিয়ে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে ভারত সিরিজে অধিনায়ক পরিবর্তন করলেও, তিনি তাঁর দেশের পক্ষেই কথা বলেছেন।
“খাতায় কলমে দুটো দলই একে অপরকে হাড্ডাহাড্ডি চ্য়ালেঞ্জের মুখেই ফেলবে। কিন্তু আমি তবুও অস্ট্রেলিয়ার সমর্থনেই কথা বলব। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবে।”
ফিঞ্চ আরও বলেন, “ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। বিরাট কোহলিকে আরও একবার অস্ট্রেলিয়ায় দেখা যাবে। আশা করি নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দেবে বিরাট।”
গিলের নেতৃত্বে মুগ্ধ ফিঞ্চ
২৬ বছর বয়সী তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিলের নেতৃত্বের ক্ষমতা নিয়ে ফিঞ্চ বেশ আশাবাদী। তিনি বলেন, “শুভমন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিশ্চিত এই সিরিজেও ও নেতৃত্বে ছাপ রাখবে।”
ফিঞ্চ স্পষ্ট করেন, গিলের খেলা তাঁর দারুণ লাগে। “গিল একজন দুর্দান্ত প্লেয়ার। বিশেষ করে সাদা বলের ফর্ম্যাটে দারুণ খেলে। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা অসাধারণ। তিনটি ফর্ম্য়াটেই গিলকে ভারতের নেতৃত্বে দেখা যাবে।”
২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য তথা প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের এই ভবিষ্যদ্বাণীর পর অস্ট্রেলিয়া সফরে শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া কেমন ফল করে, সেটাই এখন দেখার বিষয়।