পুরুষদের পর এবার মহিলারাও! পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করে রেকর্ড ভারতের, বিজেপি বলল ‘অপারেশন সিঁদুর’ চলছে!

পুরুষদের এশিয়া কাপে সদ্য পাকিস্তানকে হারানোর পর এবার মহিলাদের বিশ্বকাপেও জয় ছিনিয়ে আনল ভারত। রবিবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল পাকিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে একদিনের বিশ্বকাপে তাদের বিরুদ্ধে নিখুঁত ১৩-০ রেকর্ড বজায় রাখল।
টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিল বিজেপি
টিম ইন্ডিয়ার এই জয়ের পরই দেশজুড়ে শুরু হয়েছে প্রশংসা। বিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই জয়কে ‘অপারেশন সিঁদুর’ বলে আখ্যা দিয়েছে।
এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করেছে: “১৩-০! পাকিস্তানের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে ভারতের নিখুঁত রেকর্ড জারি। #অপারেশন সিঁদুর চলছে। ভারত জয়ী। এখন এবং সর্বদা।”
এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহিলাদের এই জয়কে “নিখুঁত স্ট্রাইক” বলে অভিনন্দন জানান। তিনি লেখেন, “আইসিসি মহিলা বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা ক্রিকেট দল ভারতের ক্রিকেট শক্তির এক অসাধারণ প্রদর্শনী করেছে। দেশ আমাদের দলের জন্য গর্বিত।”
ব্যাটে-বলে জয় ভারতের
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত তোলে ২৪৭ রান। জবাবে পাকিস্তান ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
ব্যাটিংয়ে বাংলার চমক: ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন হারলিন দেওল (৪৬ রান)। তবে দলের স্কোর প্রায় আড়াইশো ছুঁই ছুঁই করানোর কৃতিত্ব এক বঙ্গকন্যাকে দিতেই হয়। রিচা ঘোষ মাত্র ২০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এবং দলের ইনিংসকে মজবুত ভিত দেন।
বোলিংয়ে দাপট: বল হাতেও ভারত ছিল দুরন্ত। ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
তবে উইকেটের পিছনে গ্লাভস হাতে পারফরম্যান্স উদ্বেগে রাখবে রিচা ঘোষকে। কারণ, তিনি রবিবার চার-চারটি ক্যাচ ফেলেন। এই জয়ের মাঝেও তাঁর উইকেটকিপিং নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে।