. “সৌরজগতে আরও এক রহস্য! নেপচুনের ওপারে লুকিয়ে আছে ‘প্ল্যানেট ওয়াই’— পৃথিবীর চেয়ে ছোট, বুধের চেয়ে বড় নতুন গ্রহের সন্ধানে বিজ্ঞানীরা

জ্যোতির্বিজ্ঞান গবেষণায় আবারও উঠে এল সৌরজগতের দূরবর্তী প্রান্তে এক রহস্যময় গ্রহের সম্ভাব্য উপস্থিতির খবর। নেপচুনের বাইরে কুইপার বেল্টে একটি অদৃশ্য গ্রহ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গবেষকরা এই সম্ভাব্য গ্রহকে আপাতত ‘প্ল্যানেট ওয়াই’ নামে উল্লেখ করেছেন। প্রায় ৫০টি দূরবর্তী বস্তুর অস্বাভাবিক কক্ষপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরই এই গ্রহের অস্তিত্বের সম্ভাবনা অনুমান করা হচ্ছে।

প্ল্যানেট ওয়াই: বৈশিষ্ট্য ও অবস্থান
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আমির সিরাজ জানিয়েছেন, “সৌরজগতের এই দূরবর্তী প্রান্তে একটি অদৃশ্য গ্রহ থাকতে পারে, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু বুধের চেয়ে বড় হতে পারে।” তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনও নির্দিষ্ট গ্রহ আবিষ্কারের দাবি নয়, বরং এটি একটি জটিল জ্যোতির্বিজ্ঞানের ধাঁধা সমাধানের প্রচেষ্টা।

কম্পিউটার সিমুলেশন অনুযায়ী, প্ল্যানেট ওয়াই সম্ভবত বুধ থেকে পৃথিবীর ভরের সমান এবং সূর্য থেকে ১০০–২০০ গুণ দূরত্বে ঘুরছে। সিরাজের মতে, সৌরজগতের হেলানো কক্ষপথের ব্যাখ্যা শুধুমাত্র পরিচিত গ্রহ দিয়ে সম্ভব নয়— এর জন্য প্ল্যানেট ওয়াই-এর মতো আরেকটি গ্রহের উপস্থিতি প্রয়োজন।

প্ল্যানেট নাইন থেকে ভিন্ন
নেপচুনের বাইরে গ্রহের ধারণা অবশ্য নতুন নয়। প্ল্যানেট ওয়াই-এর ধারণাটি কিন্তু নেপচুনের বাইরে প্রস্তাবিত ‘প্ল্যানেট নাইন’ থেকে ভিন্ন। প্ল্যানেট নাইন পৃথিবীর ভরের ৫–১০ গুণ এবং এটি প্ল্যানেট ওয়াই-এর চেয়েও আরও বেশি দূরে প্রদক্ষিণ করছে বলে অনুমান করা হয়।

বর্তমানে বিজ্ঞানীরা প্ল্যানেট ওয়াই-এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন। তবে বিজ্ঞানী সিরাজের মতে, প্রায় ৫০টি বস্তুর পরিসংখ্যানগত অবস্থান অনুযায়ী সেখানে গ্রহ থাকার সম্ভাবনা প্রায় ৯৬–৯৮ শতাংশ।

আগামীতে ভেরা সি রুবিন অবজারভেটরির বিশাল ডিজিটাল ক্যামেরাযুক্ত টেলিস্কোপ পুরো আকাশ পর্যবেক্ষণ করে এই গ্রহের চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। এই গবেষণার ফল যদি সঠিক হয়, তবে সৌরজগতের ইতিহাস ও কাঠামো নিয়ে বিজ্ঞানীদের ধারণায় এক বড়সড় পরিবর্তন আসবে।