গভীর সঙ্কটে মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের আমলে তৃতীয়বারের জন্য বন্ধ হল সরকারি পরিষেবা

যুক্তরাষ্ট্র ফের এক নতুন অনিশ্চয়তার মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেস বুধবারের সময়সীমার মধ্যে সরকারি কার্যক্রম ও পরিষেবা চালু রাখার জন্য কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকারি পরিষেবা বন্ধ (Government Shutdown) হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান কার্যকালে এই নিয়ে তৃতীয়বার যুক্তরাষ্ট্র সরকার অচলাবস্থার সম্মুখীন হলো, যা বাজেট অগ্রাধিকার এবং আপোসহীন রাজনৈতিক বিভেদকে প্রকট করে তুলেছে।
এই অচলাবস্থার জেরে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার ফেডারেল কর্মীকে ছুটিতে (Furloughed) পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসন কিছু কর্মীকে স্থায়ীভাবে ছাঁটাই (fired) করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশোধের সুরেই হুঙ্কার দিয়েছেন যে তিনি “এমন কিছু করবেন যা অপরিবর্তনীয় এবং খারাপ।”
এর ফলে সরকারের বহু অফিস বন্ধ থাকবে, যা হয়তো স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। অনুমান করা হচ্ছে, অভিবাসন সংক্রান্ত (deportation) কাজ পূর্ণ গতিতে চললেও শিক্ষা, পরিবেশগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি থমকে যাবে। এর অর্থনৈতিক প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সময়সীমা পার হওয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা চাই না এটা বন্ধ হোক।” তবে চলতি সপ্তাহে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কোনো রফা করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।