PPF, SCSS-এ সুদের হার হলো ঘোষণা, এখন কোন স্কিমে কত সুদ মিলবে?

অপেক্ষার অবসান। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই ত্রৈমাসিকে সুদের হারে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে যে হারে সুদ মিলত, সেই একই হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা।

অতিসম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমালেও ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য তাতে কোনো লাভ হলো না। অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-এর মতো জনপ্রিয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রইল।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য ঝুঁকিহীন আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। উৎসবের মরশুমের আগে সুদের হার কমানো হবে না, এমনটাই পূর্বাভাস ছিল; সরকার সেই পথেই হাঁটল।

 

কোন স্কিমে কত সুদ (অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিক)

 

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার নিম্নরূপ:

প্রকল্পের নামসুদের হার
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)৭.১%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)৮.২%
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)৮.২%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)৭.৭%
কিষাণ বিকাশ পত্র (KVP)৭.৫%
ডাকঘর মাসিক আয় প্রকল্প (MIS)৭.৪%
৫ বছরের স্থায়ী আমানত (FD)৭.৫%
৫ বছরের রেকারিং আমানত৬.৭%
১ বছরের স্থায়ী আমানত৬.৯%
২ বছরের এফডি৭.০%
৩ বছরের এফডি৭.১%

প্রতি তিন মাস অন্তর সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে থাকে। এবার সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায়, বিনিয়োগকারীরা আপাতত আগের মতোই উচ্চ হারে সুদ পেতে থাকবেন।