আবরারকে ‘পাল্টা জবাব’ ভারতীয়দের, ট্রফি ছাড়া সেলিব্রেশন, বিতর্কিত ইশারার নকল করে ভাইরাল অর্শদীপরা

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেবল জয়ের আনন্দই ছিল না, ছিল ট্রফি না পাওয়ার আক্ষেপ এবং সেই সঙ্গে পাল্টা মজার মেজাজ। একদিকে পাকিস্তানি বোলার আবরার আহমেদের বিতর্কিত উল্লাসের নকল করলেন অর্শদীপরা, অন্যদিকে ট্রফি ছাড়া মেসির অঙ্গভঙ্গি অনুকরণ করে সেলিব্রেট করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

আববারের ‘বদলা’ নিলেন অর্শদীপরা:
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ উইকেট পাওয়ার পর অনেক সময়ই ঘাড় নাড়িয়ে ব্যাটারের উদ্দেশে সাজঘরের দিকে ইশারা করেন। গতকাল ফাইনালে সঞ্জু স্যামসনকে আউট করার পরও তিনি একই কাজ করেন।

তবে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের পালা ছিল। অর্শদীপ সিং তাঁর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেন, তাতে দেখা যায়— সঞ্জু স্যামসনকে সামনে দাঁড় করিয়ে অর্শদীপ, হর্ষিত রানা, জিতেশ শর্মারা সেই আবরারের ঘাড়ের ইশারার নকল করছেন। এই ‘নকলের বদলা’র ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ট্রফি ছাড়াই ‘মক সেলিব্রেশন’
মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় পুরস্কার বিতরণী মঞ্চে কোনও ট্রফিই হাতে পায়নি ভারত। তবুও উল্লাসে কোনো কমতি ছিল না। টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা যেভাবে লিওনেল মেসিকে অনুকরণ করে ট্রফি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন, গতকাল সূর্যকুমার যাদবও খালি হাতে সেই অঙ্গভঙ্গি করেন। তাঁর হাত এমন ভাবে রাখা ছিল, যেন মনে হচ্ছিল ট্রফি তাঁর হাতেই আছে। দলের বাকি ক্রিকেটাররাও হাত উঁচিয়ে উল্লাসে ফেটে পড়েন। পরে সোশ্যাল মিডিয়ায় ট্রফির ইমোজির সঙ্গে ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটাররা।

ফাইনালে পাকিস্তানের চরম বিপর্যয়:
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে পাকিস্তান প্রথমে ভালো শুরু করে। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৫ রান তোলে তারা। ১২.৪ ওভারে পাকিস্তানের স্কোর ছিল এক উইকেটে ১১৩ রান। কিন্তু এরপরই শুরু হয় বিপর্যয়। মাত্র ৩৩ রানে শেষ ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায়।

জয়ের লক্ষ্যে নেমে ভারত মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তবে সেখান থেকে দলের হাল ধরেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা, যাঁরা চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন। এরপর শিবম দুবে ২২ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচের নায়ক তিলক বর্মা ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন এবং শেষে রিঙ্কু সিং চার মেরে ভারতকে জয় এনে দেন।