মর্মান্তিক ট্র্যাজেডি, বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ‘শ্রীমদ রামায়ণ’ খ্যাত অভিনেতা বীর শর্মা-সহ দুই ভাইয়ের

দেশজুড়ে যখন দুর্গাপূজা-নবরাত্রির উৎসবের আমেজ, তখনই এল এক মর্মান্তিক খবর। রবিবার রাতে রাজস্থানের কোটায় বাড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হলো ৮ বছর বয়সী অভিনেতা বীর শর্মা এবং তাঁর ১৬ বছর বয়সী দাদা শৌর্য শর্মার। সোনি স্যাবের ‘শ্রীমদ রামায়ণ’ ধারাবাহিকে পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিল বীর।
রাতে ফ্ল্যাটে একাই ছিল দুই ভাই
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ২টা নাগাদ কোটার অনন্তপুরা থানার অন্তর্গত দীপশ্রী বিল্ডিংয়ের তাঁদের চতুর্থ তলার ফ্ল্যাটে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন দুই ছেলে একাই ছিল।
তাঁদের বাবা জিতেন্দ্র শর্মা, যিনি একটি কোচিং সেন্টারের শিক্ষক, তিনি একটি ভজন প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন।
অন্যদিকে, তাঁদের মা, অভিনেত্রী রীতা শর্মা, সেই সময় মুম্বইয়ে ছিলেন।
কোটা সিটির পুলিশ সুপার তেজেশ্বানি গৌতম জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে, যার সূত্রপাত ড্রয়িং রুমে।
ধোঁয়ায় শ্বাসরোধে মৃত্যু, উদ্ধার করলেন প্রতিবেশীরা
পুলিশের প্রাথমিক ধারণা, আগুনে পুড়ে যাওয়ার পরিবর্তে ঘুমন্ত দুই শিশু ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে শ্বাসরোধ হয়ে মারা গেছে। প্রতিবেশীরা ধোঁয়া বেরোতে দেখে দরজা ভেঙে শৌর্য এবং বীরকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীরাই বিল্ডিংয়ের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান, ফলে দমকল ডাকার প্রয়োজন পড়েনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রয়িং রুমের আসবাবপত্র পুড়ে গেছে।
মুম্বই থেকে মা রীতা শর্মা আসার পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের ইচ্ছানুযায়ী শিশুদের চোখ আই ব্যাঙ্কে দান করা হয়েছে। বিএনএসএস আইনের ১৯৪ ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আগুন লাগা ও দুই নাবালকের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।