“ভিড় ছিল ১৫ গুণ! দেরিতে পৌঁছনোর পর পদপিষ্ট”-বাড়ানো হলো থলপতি বিজয়ের সুরক্ষা

তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর তাঁর চেন্নাইয়ের বাড়িতে সুরক্ষা বাড়ানো হয়েছে। তামিলনাড়ু প্রশাসন সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে বিজয়ের বাসভবনে কড়া পুলিশি নজরদারি রাখা হয়েছে। মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন।

শনিবার কারুরে বিজয়ের সভার আয়োজন করা হয়েছিল। বহু ভক্ত এবং সমর্থক তাঁকে দেখতে উপস্থিত হয়েছিলেন। অভিনেতার দুপুর নাগাদ পৌঁছনোর কথা থাকলেও, তিনি কমপক্ষে ছ’ঘণ্টা দেরিতে পৌঁছন। এই দীর্ঘ অপেক্ষার মধ্যে ভিড় অনেক বেড়ে যায়। বিজয়কে এক ঝলক দেখার জন্য প্রবল হুড়োহুড়ি শুরু হয়, যার জেরেই পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যু হয়।

সভাস্থলে ঠিক কী ঘটেছিল?
এক প্রত্যক্ষদর্শী নন্দ কুমার বলেন, “ভিড় কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। বিজয়ের বেলা ১১টার সময়ে পৌঁছনোর কথা ছিল। কিন্তু তিনি যখন এলেন তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। ব্যাপক ভিড় হয়েছিল।” তিনি আরও বলেন, “এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকা উচিত। প্রত্যাশিত জনসংখ্যার ১৫ গুণ বেশি ভিড় হয়েছিল। অনেকেই বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছিলেন। খিদেয় পরিস্থিতি আরও খারাপ হয়।” অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, “ঘটনার পর অ্যাম্বুল্যান্সও প্রবেশ করতে পারছিল না। মানুষজনকে বার করতেই অনেকটা সময় লেগে গিয়েছিল।”

এই দুর্ঘটনার পর অভিনেতা বিজয় নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে এবং তিনি অসহ্য যন্ত্রণার মধ্যে রয়েছেন।