হত্যার ঠিক দুই ঘণ্টা আগের শেষ রিল! জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় হরিয়ানভি গায়ক

জিম থেকে বের হওয়ার ঠিক মুখেই মর্মান্তিক পরিণতি! উত্তরপ্রদেশের শামলিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন উদীয়মান হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান। বুধবার সন্ধ্যায় সদর কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় চারজন সশস্ত্র হামলাকারী তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খুনিরা প্রায় ২০ রাউন্ডের বেশি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

মৃত্যুর ঠিক আগের সেই রহস্যজনক পোস্ট: এই নৃশংস হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে গায়কের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে অঙ্কিত তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল “খাস ভাই”। সেই ভিডিওতে তাঁকে হরিয়ানভি ঢঙে একটি গান গুনগুন করতে দেখা যায়, যার কথা ও লাইনে গোলাগুলি, শত্রুতা এবং প্রতিশোধের মতো বিষয়গুলো জড়িয়ে রয়েছে। এমনকি ভিডিওর শেষে অনুরাগীদের সেটি শেয়ার করার অনুরোধও করেছিলেন তিনি। এই ভিডিও সামনে আসার পরেই খুনের নেপথ্যে পুরনো কোনো শত্রুতা বা অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

কে ছিলেন এই অঙ্কিত বালিয়ান? পশ্চিম উত্তরপ্রদেশের শামলির বান্টিখেড়ার বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করছিলেন। প্রখ্যাত গায়ক মাসুম শর্মার সঙ্গে কাজ করার পাশাপাশি তাঁর “ভরি কোর্ট মে গলি মারেঙ্গে মেরি জান” গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়িং ছিল চোখে পড়ার মতো—ইউটিউবে সাড়ে তিন লক্ষের বেশি সাবস্ক্রাইবার ছাড়াও ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর অনুগামীর সংখ্যা ছিল লক্ষাধিক। গান গাওয়ার পাশাপাশি তিনি রাজনীতিতেও পা রাখার কথা ভাবছিলেন এবং জেলা পঞ্চায়েত নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে ২০২৩ সালে একটি রোড শো ও গোলমালের ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি মামলাও হয়েছিল। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরনো কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত রেষারেষি জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও ফোন কলের রেকর্ড ঘেঁটে তদন্ত শুরু করেছে শামলি পুলিশ।