“আমেরিকার প্রতি সঠিক আচরণ করতে হবে!” ভারতকে ফের চরম হুঁশিয়ারি মার্কিন বাণিজ্যসচিবের, কেন তিনি বাজার ‘খুলে’ দিতে বললেন?

মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক ফের ভারতকে নিশানা করে কড়া তোপ দাগলেন। এর আগেও তাঁর মুখে নিউ দিল্লি নিয়ে কটাক্ষ শোনা গিয়েছিল, এবার তিনি ভারতসহ আরও কয়েকটি দেশের প্রতি বিশেষ ‘উপদেশ’ দিলেন। সম্প্রতি নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের মতো দেশগুলির উচিত তাদের বাজার উন্মুক্ত করে দেওয়া এবং এমন কিছু না করা, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিপন্ন হয়।
‘আমেরিকার প্রতি সঠিক আচরণ করতে হবে’
শুধু ভারত নয়, এদিন আরও বেশ কিছু দেশের কথাও শোনা যায় লুটনিকের মুখে। তিনি সুইজারল্যান্ড ও ব্রাজিলের প্রসঙ্গ টেনে এনে পরোক্ষভাবে পরামর্শ দেন সেই দুই দেশকেও। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের অনেক দেশকে ঠিক করতে হবে—যেমন সুইজারল্যান্ড, ব্রাজিল, ভারত। এই দেশগুলিকে আমেরিকার প্রতি সঠিক আচরণ করতে হবে।”
ভারতের বাণিজ্য নীতি ‘স্রেফ দেখনদারি’
ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে এর আগেও মুখ খুলেছিলেন বাণিজ্যসচিব লুটনিক। ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়াকে তিনি ‘দুঃসাহস’ বলে বর্ণনা করেন। আগের এক সাক্ষাৎকারে তিনি ভারতের এই নীতিকে লোক দেখানো বলেও মন্তব্য করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ভারত স্রেফ দেখনদারি করতেই এসব করছে এবং দুয়েক মাসের মধ্যেই নাকি আলোচনার টেবিলে ফিরতে পারে নিউ দিল্লি।
তাঁর দাবি ছিল, ভারতীয় ব্যবসায়ীরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার জন্য চাপ দেবে। তিনি বলেন, “সবই দুঃসাহস। তুমি (ভারত) মনে করো বিশ্বের সবচেয়ে বড় দেশের সঙ্গে লড়াই করা ভালো। কিন্তু অবশেষে তোমার ব্যবসায়ীরাই তোমাকে বলবে এটা বন্ধ করতে। বলবে আমেরিকার সাথে একটি চুক্তি করতে হবে!”
রাশিয়া থেকে তেল কেনা ‘হাস্যকর’
বাণিজ্যসচিব এই আলোচনার পাশাপাশি রাশিয়া থেকে ভারতের তেল কেনার ব্যাপারেও মন্তব্য করতে ছাড়েননি। তাঁর কথায়, ভারতের এই ক্রিয়াকলাপ একেবারেই হাস্যকর। তাঁর মতে, ভারতকেই ঠিক করতে হবে, সে কোন দিকে থাকবে। ভারতের এই নীতিকে তিনি সম্পূর্ণ ভুল বলেও ব্যাখ্যা করেন এদিনের সাক্ষাৎকারে।