আবেদন না করেও অ্যাকাউন্টে ৩০০০ টাকা? সরকারি ভুলে হতবাক ৭০ বছরের বৃদ্ধ!

খবরটা প্রথম এসে জানিয়েছিলেন তাঁর বৌমা। সেই কথা শুনেই আকাশ থেকে পড়েছিলেন ৭০ বছরের সামজাদ শেখ। তিনি পুরুষ, তার উপর আবার বিশেষভাবে সক্ষম। অথচ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা! কীভাবে এই কাণ্ড ঘটল, তা কিছুতেই বুঝতে না পেরে শেষ পর্যন্ত নিজেই বিডিও অফিসে ছুটে গিয়ে টাকা ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন ওই বৃদ্ধ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের খড়কাঠি গ্রামের এই ঘটনায় এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
কী বলছেন বৃদ্ধ ও তাঁর পরিবার?
রাজ্যে নতুন প্রকল্প চালুর পর থেকেই অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। কিন্তু এর মধ্যেই সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও কী করে সামজাদের অ্যাকাউন্টে এই টাকা এল, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র রহস্য।
সামজাদ শেখের কথায়, ‘পুত্রবধূ এসে যখন প্রথম খবরটি দিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো এই প্রকল্পের জন্য আবেদনই করিনি। প্রশাসনের কাছে তাই পুরো টাকাটাই ফিরিয়ে দিতে চাই।’
বৃদ্ধের জামাই টুটুল শেখ জানান, তাঁর শ্বশুরমশাই দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধী ভাতা পান। এমনকি তাঁর শাশুড়ির বয়স ষাটোর্ধ্ব হলেও তিনিও এই প্রকল্পের আওতায় নেই। যদিও পরিবারে অন্য এক সদস্যের এই টাকা পাওয়ার কথা, তবে তাঁর সঙ্গে সামজাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। পরিবারের অভিযোগ, পুরোটাই প্রশাসনিক কোনো গাফিলতির ফল।
কী জানাল প্রশাসন?
গোটা ঘটনাটি সামনে আসার পর নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঠিক কী কারণে এই ভুলের পুনরাবৃত্তি ঘটল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করা হবে।’