পথ দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? বাসের নীচে যুবকের মৃতদেহ পড়ে…! হাড়হিম করা ঘটনা নিউটাউনে

মহালয়ার রাতে নিউটাউনের ইকো পার্ক এলাকায় পরপর দুটি মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পুলিশ কনস্টেবল প্রাণ হারান। এর রেশ কাটতে না কাটতেই, আজ সকালে একই এলাকার ১১ নম্বর ট্যাঙ্কের পাশে একটি বাসের তলা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
সকালে ইকো পার্ক থানার কাছে রাস্তার ওপর চাপ চাপ রক্ত এবং যুবকের মাথার হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে বালতি করে জল এনে রাস্তা পরিষ্কার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকের দেহ একটি নীল রঙের বাসের নিচে ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবকের বাড়ি বর্ধমানে। তবে পাশের নির্মীয়মাণ বহুতলের শ্রমিকরা বলছেন, ওই যুবক তাদের কোনো সহকর্মী নন, যা রহস্য আরও বাড়িয়েছে।
পুলিশের পক্ষ থেকে এটি পরিকল্পিত খুন নাকি নিছকই পথ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা আশেপাশের বহুতলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন। একই রাতে পরপর দুটি দুর্ঘটনার ঘটনায় নিউটাউনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।