বহু প্রতীক্ষিত সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কান্তারা’ বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল, যা ঋষভ শেঠিকে সারা ভারতে ‘ডিভাইন স্টার’ হিসেবে পরিচিতি এনে দেয়। এবার তার সিক্যুয়েল নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে।
আসছে ‘কান্তারা চ্যাপ্টার ১’
হোম্বলে ফিল্মস প্রযোজিত এই সিনেমার শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ দীর্ঘ তিন বছর ধরে চলেছে, যার মধ্যে ২৫০ দিন শুধু শুটিংই হয়েছে। প্রথম অংশের বাজেট ছিল মাত্র ১৫ কোটি টাকা, কিন্তু এই ছবির ক্ষেত্রে বাজেট অনেকটাই বেড়েছে।
এই ছবিতে ঋষভ শেঠিকে ফের একবার মুখ্য চরিত্রে দেখা যাবে। রুক্মিণী বসন্ত ‘কনকবতী’ এবং বলিউড অভিনেতা গুলশান দেবাইয়া ‘কুলাশেক’ চরিত্রে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকেও।
কবে ও কোন ভাষায় মুক্তি পাচ্ছে?
‘কান্তারা চ্যাপ্টার ১’ আগামী ২ অক্টোবর, বৃহস্পতিবার, একাধিক ভাষায় মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে কন্নড়, হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম, ইংরেজি এবং বাংলা। এতে কলকাতার বাঙালি দর্শকেরাও এই পূজার মরশুমে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
প্রথম কিস্তি ‘কান্তারা’ ঋষভ শেঠির ঝুলিতে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। এবার এই নতুন অংশটি সেই সাফল্য ধরে রাখতে পারে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ২ অক্টোবর পর্যন্ত।





