একটানা কাজ করতে গিয়ে মনোযোগ বাড়াতে কিংবা ওজন কমাতে অনেকেই গ্রিন টিতে চুমুক দেন। গ্রিন টি শরীরের জন্য নিঃসন্দেহে উপকারী। ক্যানসার, আলঝেইমার্স, স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতেও এটি সাহায্য করে। এমনকি ত্বকের বার্ধক্য রোধেও গ্রিন টি-র ভূমিকা আছে। কিন্তু সঠিক উপকার পেতে দিনে কতটা গ্রিন টি খাবেন আর কখন খাবেন, তা কি জানেন? অনেকেই না জেনে কম বা বেশি খেয়ে ফেলেন, কিংবা ভুল সময়ে পান করেন, যা স্বাস্থ্যকর নাও হতে পারে।
গ্রিন টি পানের সঠিক সময়
আপনি কি খালি পেটে গ্রিন টি পান করেন? বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়। সবচেয়ে বেশি উপকার পেতে হলে দুটি ভারী খাবারের মাঝখানের বিরতিতে এটি পান করা ভালো। কোনো ভারী খাবার খাওয়ার ২ ঘণ্টা আগে কিংবা ২ ঘণ্টা পরে গ্রিন টি পান করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
দিনে কতবার গ্রিন টি পান করবেন?
অনেকেই দিনে ৫-৬ বার গ্রিন টি পান করেন, যা মোটেই স্বাস্থ্যকর নয়। গ্রিন টিতে যেমন অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, তেমনি ক্যাফেইনও থাকে। তাই দিনের তিনবারের বেশি গ্রিন টি পান করলে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি শরীরের প্রয়োজনীয় কিছু পদার্থও বেরিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দিনে ২-৩ বার গ্রিন টি পান করাই যথেষ্ট। এতে একদিকে যেমন উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা কমবে, তেমনি ওজন কমাতেও সাহায্য করবে। তবে, যদি আপনার বদহজম বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সমস্যা থাকে, তাহলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো।





