বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লিতে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে অঙ্কুশ, কী প্রশ্ন করা হলো অভিনেতাকে?

বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হন অঙ্কুশ। সকাল ১১টার পর থেকে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যা জানা গেল ইডি সূত্রে

ইডি সূত্রে দাবি করা হয়েছে, বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এই লেনদেনের সূত্র খুঁজতেই অভিনেতা ও অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী একসঙ্গে এই বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছিলেন। এই বিষয়টিই এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে।

ইডি-র জিজ্ঞাসাবাদের সময় অঙ্কুশের কাছে জানতে চাওয়া হয়, বেটিং অ্যাপ বেআইনি জেনেও কেন তিনি এর সঙ্গে যুক্ত হয়েছিলেন? তার সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তিপত্রও তাকে সঙ্গে আনতে বলা হয়েছিল। এছাড়াও, কারা তার সঙ্গে যোগাযোগ করেছিল, এবং চুক্তি অনুযায়ী টাকা কোন অ্যাকাউন্ট থেকে তার কাছে এসেছিল, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা।

আরও অনেকেই ইডির নজরে

অঙ্কুশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, তিনি নগদে কোনো টাকা নিয়েছিলেন কি না, বা অর্থ ছাড়াও অন্য কোনো সুযোগ-সুবিধা পেয়েছিলেন কি না। তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল কি না, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে তলব করা হলেও তিনি উপস্থিত হননি। আগামী ২২ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা এবং ২৩ সেপ্টেম্বর যুবরাজ সিংকে ডেকেছে ইডি। এছাড়া, অভিনেতা সোনু সুদকেও ২৪ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় অভিনেতা-অভিনেত্রী এবং ক্রিকেটারদের নাম জড়ানোয় গোটা দেশের বিনোদন ও ক্রীড়া জগতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।