‘কর্তব্য পালন না করার ফল’, শিশু অপহরণ মামলায় দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ভিক্টোরিয়া বসু অপহরণ মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে।
পুলিশের গাফিলতিতেই অপহরণ!
আদালত স্পষ্ট ভাষায় বলেছে, শিশুটির অপহরণের পেছনে দিল্লি পুলিশও সমানভাবে দায়ী। বিচারপতিরা বলেন, “আপনারা আপনাদের কর্তব্য পালন না করার কারণেই শিশুটিকে অপহরণ করা সম্ভব হয়েছে।” তারা দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, শিশুটির কাস্টডি কীভাবে দ্রুত আদালতের কাছে ফিরিয়ে আনা যায়, সেই পথ খুঁজে বের করতে হবে।
গভীর তদন্তের নির্দেশ
বিচারপতিরা আরও উল্লেখ করেন যে, শিশুটির বাবা একটি বন্ধ খামে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতে জমা দিয়েছেন, যেখানে হংকংয়ের একটি সংস্থার নাম উঠে এসেছে। এই বিষয়টির ওপর গভীর তদন্ত হওয়া প্রয়োজন বলেও আদালত মনে করে। বিচারপতিরা অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে এই নথিগুলো হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।
আগামী ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে। এই মামলার রায়ে দিল্লি পুলিশের ভূমিকা এবং দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।