১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসে বাম্পার কর্মসূচি! ১ কোটি পরিবারকে নিয়ে হবে মেগা দীপ প্রজ্জ্বলন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন্ন উৎসবের মরশুমের ঠিক আগে রাজ্যজুড়ে এক অভিনব ও বিরাট কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষ্যে রাজ্যজুড়ে একযোগে বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিশেষ দিনে দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাজ্যজুড়ে এক কোটিরও বেশি পরিবার এই অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গিয়েছে, এই মেগা আয়োজনের মূল অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে খাস কলকাতার গঙ্গার ঘাটে। অন্নপূর্ণা দিবসের এই বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি আগামী ৭ অক্টোবর ‘সেবা সেতু’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যটন দফতরের উদ্যোগে ‘রঙ্গিলি রাষ্ট্র’ কর্মসূচির প্রস্তুতিও এখন জোরকদমে চলছে। পাশাপাশি, পর্যটনে নতুন মাত্রা যোগ করতে ১০৮ মিটারের একটি সুবিশাল ‘ভারত মণ্ডল’ তৈরি করার উচ্চাভিলাষী পরিকল্পনাও রয়েছে সরকারের।
উত্সবের মরশুমের ঠিক আগে সরকারের এই বহুমুখী কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলেই মনে করা হচ্ছে। একদিকে অন্নপূর্ণা দিবসে কোটি পরিবারের দীপাবলির মতো আলো জ্বালানো এবং অন্যদিকে পরিকাঠামো ও পর্যটন উন্নয়নের নানা পদক্ষেপ—সব মিলিয়ে আগামী দিনে রাজ্যবাসীর সামনে একগুচ্ছ বড় সরকারি উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে।