কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন টিএস শিবজ্ঞানম, আবেগে ভরা বিদায়ী ভাষণ!

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সোমবার তার পদ থেকে অবসর গ্রহণ করেছেন। তার বিদায়ী বক্তৃতায় তিনি কলকাতা হাইকোর্টে কাটানো সময় নিয়ে আবেগপূর্ণ স্মৃতিচারণ করেন। বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “অনেক স্মৃতি ভিড় করে আসছে আজ। ২০২১ সালের দুর্গাপূজার পর আমাকে এই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আমি নিজেও মাদ্রাজ হাইকোর্ট থেকে এসেছি, তাই এখানকার নিয়ম অনুসরণ করতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি।”

‘টিকিট কেটে ট্রেন জার্নির মতো’

বিদায়ী বক্তৃতায় বিচারপতি শিবজ্ঞানম জীবনের সঙ্গে বিচারকের কার্যকালকে তুলনা করে বলেন, “সব বিচারপতিই জানেন তাকে একদিন অবসর নিতে হবে। এটা অনেকটা টিকিট কেটে ট্রেন জার্নির মতো। গন্তব্যে পৌঁছালে নেমে যেতে হয়।” তিনি তার জুনিয়র, সিনিয়র আইনজীবী এবং অন্যান্য বিচারপতিদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন।

প্রশংসায় এডিশনাল সলিসিটর জেনারেল

কলকাতা হাইকোর্টের এডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বিচারপতি শিবজ্ঞানমের প্রশংসা করে বলেন, “যখন তিনি শপথ নিচ্ছিলেন, তখন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘একজন প্রসিদ্ধ ব্যক্তিকে পাঠানো হচ্ছে।’ বিচারপতি শিবজ্ঞানমের কার্যকালে তার প্রতিফলন ঘটেছে।” তিনি বিচারপতি শিবজ্ঞানমকে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।