অনাথ শিশুদের জন্য ৩০ লিটার বুকের দুধ দান, ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার মানবিক উদ্যোগে মুগ্ধ নেটপাড়া!

দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর এবার এক মানবিক উদ্যোগে নজির গড়লেন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। তিনি ৩০ লিটার বুকের দুধ দান করেছেন, যা হাসপাতালের অনাথ এবং অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে সাহায্য করবে।
জ্বালা তার এই মহৎ উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি লিখেছেন, “স্তন্যদুগ্ধ জীবন বাঁচায়। অসুস্থ বাচ্চাদের জন্য এই দুধ জীবন বদলে দিতে পারে। যারা দিতে পারেন, তারা কারও পরিবারের জন্য এমন উপকার করতে পারেন, যা শোধ করার নয়। এক ফোঁটা দুধও দেবদূতের মতো কাজ করে।” তার এই উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করেছেন।
আমির খানের পরামর্শে মেয়ের জন্ম
জ্বালা এবং তার স্বামী, অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশাল, দীর্ঘ আইভিএফ (IVF) লড়াইয়ের পর তাদের দ্বিতীয় সন্তান, কন্যা মীরার জন্ম দিয়েছেন। গত ২২ এপ্রিল তাদের বিবাহবার্ষিকীতে বিষ্ণু মেয়ের জন্মের খবরটি ঘোষণা করেন। পরে জানা যায়, তাদের মেয়ের নাম আমির খান রেখেছেন।
বিষ্ণু বিশাল জানিয়েছেন, আমির খান তাদের এই যাত্রায় সব সময় পাশে ছিলেন। তিনি বলেন, “আমির আমাদের পরিবারের মতো রেখেছেন। তার সমর্থন না থাকলে মীরা আমাদের কোলে আসত না।”