মাওবাদী নেতা সহদেব সোরেন নিহত! ১ কোটি টাকা পুরস্কারের এই মাওবাদী নেতার মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ঝাড়খণ্ডে

নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক অভিযানে তিন শীর্ষ মাওবাদী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগের গিরিডি ও বোকারো জেলার সীমান্তবর্তী প্যানটি বনে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অন্যতম হলেন ১ কোটি টাকা পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন, যিনি ‘জোনাল কমান্ডার’ হিসেবে পরিচিত ছিলেন। বাকি দুই নিহত মাওবাদী হলেন রঘুনাথ হেমব্রম (২৫ লক্ষ টাকা পুরস্কার) এবং বীরসেন গঞ্জু (১০ লক্ষ টাকা পুরস্কার)।
ঘটনাটি ঘটে সোমবার ভোর ৬টার দিকে। কোবরা, গিরিডি ও হাজারিবাগ পুলিশের একটি যৌথ দল ওই বনে তল্লাশি অভিযানে যায়। বাহিনীর কাছে খবর ছিল, সহদেব সোরেন একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন। তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের স্কোয়াডের মুখোমুখি সংঘর্ষ হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই গুলির লড়াইয়ে তিনজন মাওবাদী নিহত হন।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। এই অভিযানে এত বড় মাপের একজন মাওবাদী নেতার মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। সহদেব সোরেনকে ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার অনেক অপরাধমূলক ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়।