ঝাড়খণ্ডে যৌথ বাহিনীর বড় সাফল্য, ১ কোটি টাকা মাথার দামের মাওবাদী নেতা সহদেব সোরেন খতম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘মাওবাদী-শূন্য’ দেশ গড়ার প্রতিশ্রুতিকে সামনে রেখে ঝাড়খণ্ডে বড়সড় অভিযান চালাল যৌথ বাহিনী। এই অভিযানে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেতা সহদেব সোরেন-সহ তিন মাওবাদী খতম হয়েছে। সহদেব সোরেনের মাথার দাম ছিল ১ কোটি টাকা।

যৌথ বাহিনী দীর্ঘদিন ধরে সহদেব সোরেনের খোঁজ চালাচ্ছিল। অবশেষে ঝাড়খণ্ডের হাজারিবাগে তাঁর অবস্থান নিশ্চিত করে অভিযান শুরু করা হয়। সোমবার সকাল ৬টা নাগাদ কোবরা ব্যাটালিয়ন, গিড়িডি ও হাজারিবাগ থানার পুলিশ কারান্ডি গ্রামে যৌথ অভিযান চালায়। এর পরেই শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই। এই সংঘর্ষে সহদেব সোরেনের মৃত্যু হয়।

যৌথ বাহিনী সূত্রে খবর, সহদেব সোরেন ছাড়াও আরও দুই মাওবাদীকে খতম করা হয়েছে। এদের মধ্যে একজন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল, যিনি বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য ছিলেন এবং তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অন্যজন হলেন বীরসেন গানঝু ওরফে রামকেলাওয়ান, যিনি ওই এলাকার জোনাল কমিটির সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী সুজাতা তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, মাওবাদী নেতা বাসবরাজের এনকাউন্টারের পর থেকে শীর্ষ পদে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে, যার ফলে অনেকেই মূল স্রোতে ফিরছেন। আজকের এই সাফল্য মাওবাদী দমনে সরকারের বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।