আদালতে ‘তালাক’ দিয়ে স্ত্রীর গায়ে হাত! মুহূর্তে চটি দিয়ে স্বামীকে বেদম মার! এরপরই যা হলো…

উত্তরপ্রদেশের রামপুরে আদালতের বাইরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামী তাকে মারধর করতে শুরু করলে একজন নারী নিজের পা থেকে চটি খুলে তাকে বেদম প্রহার করেছেন। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। পরে সংবাদমাধ্যমের কাছে ওই নারী জানান, বছরের পর বছর ধরে চলা নির্যাতন, পণের দাবি এবং আদালতের সামনে হঠাৎ ‘তালাক’ উচ্চারণের প্রতিক্রিয়াতেই তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন।

মহিলা অভিযোগ করেছেন, ২০১৮ সালে তার বিয়ে হয়েছিল এবং বিয়ের পর থেকেই স্বামী নিয়মিত তার ওপর শারীরিক নির্যাতন চালাত এবং পণের জন্য চাপ দিত। দুই কন্যাসন্তান জন্ম দেওয়ার পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে যখন তিনি ভরণপোষণের মামলা করেন, তখন তার স্বামী সন্তানদেরও ছিনিয়ে নেয়।

শুক্রবার সেই মামলার শুনানির জন্য তিনি আদালতে গিয়েছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় তার স্বামী ও শ্বশুর তাকে ঘিরে ধরে গালাগালি দিতে শুরু করে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। তিনি অভিযোগ করেন, শ্বশুরের প্ররোচনায় স্বামী আদালতের দরজার সামনেই তিনবার ‘তালাক’ উচ্চারণ করে এবং এরপর তাকে মারধর শুরু করে। এই সময় আত্মরক্ষার্থে ওই নারী নিজের চটি খুলে স্বামীকে প্রহার করতে শুরু করেন। ভিড় জমে গেলে তিনি শ্বশুরকেও চটি দিয়ে মারতে থাকেন।

সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, “আমি বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য চটি হাতে তুলে নিই। আমি ন্যায়বিচার চাই, আমার সন্তানদের ফিরিয়ে নিতে চাই, তাদের ভরণপোষণ চাই এবং মেয়েদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতে চাই। সে জোর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আবার তালাক দিয়ে জীবন নষ্ট করেছে। ওর কঠোরতম শাস্তি হোক।”

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই নারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ভাইরাল হওয়া ভিডিওটিকেও তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।