পুজোয় ছবির মুক্তির আগেই ইডির তলব! বেটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এবার ইডির নজরে টলিউড ও বলিউডের জনপ্রিয় তারকারা। ‘1xBet’ নামের একটি বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং উর্বশী রাউতেলাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

এই একই মামলায় সপ্তাহ দুয়েক আগে টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করা হয়েছিল। তাকেও ১৬ সেপ্টেম্বর ইডির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে খবর। এই বেটিং সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ ও অর্থ পাচারের মতো একাধিক অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিং অ্যাপগুলির ওপর কঠোর আইন প্রণয়ন করার পরই এই তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, ইডি এই ঘটনায় মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করে বলেন, “বাংলা সিনেমাকে প্রমোট করার জন্যই বিজেপির গণসংগঠন (ইডির উদ্দেশ্যে) তৃণমূলের প্রাক্তন সাংসদকে ডেকে পাঠিয়েছে।” তিনি আরও বলেন, “কিছুদিনের মধ্যেই মিমি নির্দোষ প্রমাণিত হবেন। তার আগেই ইডি বাংলা সিনেমার প্রচার করে দিল।” কুণাল ঘোষের এই মন্তব্যে রাজনীতির কোনো যোগ নেই দাবি করলেও, তিনি রসিকতা করে বলেন, “রক্তবীজ-২ ছবির প্রচারে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকদের পক্ষ থেকে এজেন্সিগুলোকে ধন্যবাদ।”

মিমির পূজার ছবি ‘রক্তবীজ ২’ মুক্তি পেতে চলেছে। এই পরিস্থিতিতে ইডির এই তলব রাজনৈতিক এবং বিনোদন উভয় ক্ষেত্রেই চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy