বড় সাফল্য পুলিশের! ১ কোটি টাকা দামের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা খতম, সঙ্গী আরও ২

ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় পুলিশের সঙ্গে ভয়াবহ গুলিবিনিময়ে দেশের অন্যতম কুখ্যাত মাওবাদী নেতা সাহদেও সোরেন এবং তার দুই সঙ্গী নিহত হয়েছে। সোমবার ভোরে এই অভিযানটি চালানো হয়। সাহদেও সোরেন সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। পূর্ব ভারতে বহু নাশকতামূলক কার্যকলাপের জন্য সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আসছিল।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে যে সাহদেও সোরেন ও তার সহযোগীরা হাজারিবাগ জেলার তাতিজরিয়া থানার করান্ডি গ্রামে লুকিয়ে আছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী সোমবার ভোর থেকেই অভিযানের প্রস্তুতি শুরু করে।

এই অভিযানে সিআরপিএফ-এর বিশেষ ‘কোবরা’ ব্যাটালিয়ন, গিরিডি জেলা পুলিশ এবং হাজারিবাগ জেলা পুলিশ অংশ নেয়। ভোর ৫টা নাগাদ যৌথ বাহিনী গ্রামটি ঘিরে ফেলে এবং সকাল ৬টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে এই সংঘর্ষ চলে।

গুলির লড়াই শেষে ঘটনাস্থল থেকে তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন হলো সাহদেও সোরেন। পুলিশের মতে, সাহদেও দীর্ঘদিন ধরে মাওবাদী আন্দোলনের শীর্ষ নেতা ছিল এবং পূর্ব ভারতের বিভিন্ন হত্যা, বিস্ফোরণ, চাঁদাবাজি ও রেল-সড়কপথে নাশকতার মতো গুরুতর অপরাধে তার নাম জড়িত ছিল।

পুলিশ এই ঘটনাকে মাওবাদী দমনে একটি বড় সাফল্য বলে মনে করছে। তাদের ধারণা, সাহদেও সোরেনের মৃত্যুর পর এই অঞ্চলে মাওবাদী নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে। অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। এই নথিগুলো থেকে মাওবাদীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ আশা করছে।