‘তৃণমূল গোটাটাই একটা নর্দমা…’, মিমি চক্রবর্তীর ইডি তলবে বিস্ফোরক সুকান্ত মজুমদার

অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব করার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেব থাকুক আর মিমি থাকুক, তৃণমূলে থাকলে সে চোর হবেই। তৃণমূল গোটাটাই একটা নর্দমা। নর্দমায় আপনি যদি স্বচ্ছ পরিষ্কার জল ঢালেন, তাহলে সেটাও কালো হয়ে যায়। ঠিক তেমনি যদি কেউ সৎ পথে থেকে তৃণমূলে যান, তাহলে তিনিও ওই দুর্নীতি এবং চুরির পাঁকে পড়ে কালো হবেন। মিমি, দেব, শুভশ্রী সে যেই হোক না কেন।”
সুকান্ত মজুমদার আরও বলেন, “যদি মিমি চক্রবর্তী তলবের নোটিস পেয়ে থাকেন, তাহলে তিনি তার উত্তর দেবেন।” মিমির তলবের পাশাপাশি তিনি বাংলায় অনুপ্রবেশের বিষয় নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের ডিএনএ-তে সমস্যা রয়েছে। তারা একদিকে অনুপ্রবেশকারীদের জায়গা করে দেয়, আবার অন্যদিকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে।” সুকান্ত মজুমদারের এই মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পুরনো অভিযোগগুলোকেই আরও একবার সামনে নিয়ে এল। এই মন্তব্যে স্পষ্ট যে, বিজেপি বেটিং অ্যাপ কেলেঙ্কারির মতো ইস্যুগুলোকে তৃণমূলের বিরুদ্ধে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।