যাত্রীদের আর ক্ষোভ নয়! এবার কড়া হচ্ছে রেল, সাফাইকর্মী ও হাউস কিপিং নিয়ে কড়া পদক্ষেপ

ট্রেনে পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। হাউস কিপিং কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রেল সূত্রে খবর, যাত্রীদের সঙ্গে তাঁদের ভালো ব্যবহার করতে হবে এবং ট্রেন পরিষ্কার করার জন্য যাত্রীরা অনুরোধ জানালে সঙ্গে সঙ্গে তা করতে হবে।
কেন এই নতুন নিয়ম?
দীর্ঘদিন ধরেই রেলের হাউস কিপিং কর্মীদের নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল। অনেক সময় দেখা যেত, ট্রেন ছেড়ে যাওয়ার পর বা গন্তব্যে পৌঁছানোর সময় ছাড়া তাঁদের দেখা মিলত না। প্রয়োজন হলেও ডেকে পাওয়া যেত না, এমনকি দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করে কোনো উত্তর মিলত না।
এই ধরনের অভিযোগ রেলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছিল। তাই রেলমন্ত্রক এই সমস্যার সমাধান খুঁজতে তৎপর হয়েছে। রেলওয়ে বোর্ড এবং বিভিন্ন ডিভিশনের সঙ্গে আলোচনা করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, রেল সম্ভব হলে দূরপাল্লার উৎসব স্পেশ্যাল ট্রেনগুলোতেও এই ধরনের উন্নত হাউস কিপিং পরিষেবা চালু করার কথা ভাবছে। এই পদক্ষেপ কার্যকর হলে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা যায়।