‘ভোটের জন্য পাকিস্তানের মিথ্যা প্রচার করে কংগ্রেস’! অসম থেকে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ মোদির

অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সমর্থন করেছে কংগ্রেস! – চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার অসমের দরংয়ে এক জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। মোদি অভিযোগ করেন, কংগ্রেস ভারতীয় সেনার পরিবর্তে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল এবং দেশের স্বার্থের চেয়ে ভোট ব্যাঙ্ককেই বেশি গুরুত্ব দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেন, “রাজনীতির জন্য কংগ্রেস এমন আদর্শের সঙ্গে জড়িত, যা ভারতের বিরুদ্ধে। অপারেশন সিন্ধুর সময়ও আমরা একই চিত্র দেখেছি। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন সারা দেশ সন্ত্রাসবাদের রক্তে ভেসে যাচ্ছিল, কিন্তু কংগ্রেস চুপ করে বসে ছিল। পাকিস্তানের প্রতিটি কোণে জঙ্গিদের নেতারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়েছিল।”

মোদি আরও অভিযোগ করেন, “আমাদের সেনাবাহিনীর সঙ্গে দাঁড়ানোর পরিবর্তে, কংগ্রেস দলের লোকেরা জঙ্গিদের লালনকারীদের এজেন্ডা প্রচার করে। পাকিস্তানের মিথ্যা কংগ্রেসের এজেন্ডা হয়ে ওঠে। সেইজন্য আপনাকে সবসময় কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেস “জাতীয় স্বার্থের চেয়ে ভোট ব্যাঙ্ককে অগ্রাধিকার” দেয়। তিনি বলেন, কংগ্রেস অনুপ্রবেশকারী এবং দেশবিরোধীদের স্বার্থে কাজ করে। মোদি বলেন, “আজ কংগ্রেস অনুপ্রবেশকারী এবং দেশবিরোধীদের মহান রক্ষাকর্তা হয়ে উঠেছে। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন তারা অনুপ্রবেশকে উৎসাহিত করত, আর আজ কংগ্রেস চায় অনুপ্রবেশকারীরা চিরকালের জন্য ভারতে বসতি স্থাপন করুক এবং ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করুক।”

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কিংবদন্তি অসমীয়া গায়ক ও শিল্পী ভূপেন হাজারিকাকে ‘অপমান’ করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “দেশের মানুষ, সংগীতপ্রেমী, শিল্পপ্রেমী, ভারতের আত্মার জন্য জীবনদানকারী মানুষদের কংগ্রেসকে জিজ্ঞাসা করা উচিত কেন তারা ভূপেন দাকে অপমান করেছে?”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি অসমের দরং এবং নুমালিগড়ে মোট ১৮,৫৩০ কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল, গুয়াহাটি রিং রোড, ব্রহ্মপুত্র নদীর উপর কুরুয়া-নারেঙ্গি সেতু, অসম বায়োইথানল প্ল্যান্ট এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এ পলিপ্রোপিলিন প্ল্যান্ট। এই প্রকল্পগুলি অসমের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।