নেশামুক্ত ভারত গড়তে বিজেপি বদ্ধপরিকর! পুজোর আগে বড় ঘোষণা লকেট চট্টোপাধ্যায়ের

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে ‘নেশামুক্ত ভারত’ গড়ার অঙ্গীকার নিল বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এই বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, দেশের যুবসমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে বিজেপি কাজ করবে এবং এর জন্য রাজ্য সরকারকে সব রকম সাহায্য করতেও তারা প্রস্তুত।

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গে বাড়তি নজর

সাংবাদিক সম্মেলনে লকেট চট্টোপাধ্যায় জানান, এই রাজ্যে মাদকের সমস্যা দিন দিন বাড়ছে। ২০২৩ সালে রাজ্যে ৪৯৮৮ কেজি, ২০২৪ সালে ৩১৪৫ কেজি এবং ২০২৫ সালের জুলাই পর্যন্ত ৫৭২৯ কেজি মাদক উদ্ধার হয়েছে। এই সমস্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গের এনজিওগুলোকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪.৬ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নেশামুক্ত ভারত’ গড়ার এই কর্মসূচিতে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

সেবাপক্ষ: মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ

১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবাপক্ষ’ পালন করবে বিজেপি। এই সময়ে দেশের প্রতিটি জেলায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যাতে গরিব মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয়েছে।

লকেট জানান, মহালয়ার দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বর, কলকাতার বুকে ‘নমো ম্যারাথনের’ আয়োজন করা হবে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের বিভিন্ন শহরে এই ধরনের ম্যারাথন হবে। তিনি সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচিগুলির মাধ্যমে বিজেপি একদিকে যেমন সাধারণ মানুষের কাছে তাদের সেবামূলক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে, তেমনি পুজোর আগে রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোরও এটি একটি বড় মাধ্যম।