হোয়াটসঅ্যাপ মেসেজে ফাঁদ, খোয়া গেল কোটি টাকা, সাইবার অপরাধীদের জালে এবার সাংসদের সংস্থা

অন্ধ্রপ্রদেশে সাইবার অপরাধের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এবার এর শিকার হলেন এক হাইপ্রোফাইল ব্যক্তি। কাকিনাড়ার সাংসদ এবং টি টাইম কোম্পানির প্রধান উদয় শ্রীনিবাসের অর্থ বিষয়ক আধিকারিকের কাছ থেকে প্রায় ৯২ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংসদের নাম ব্যবহার করে এই বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সাংসদের অর্থ বিষয়ক আধিকারিক গাঙ্গিসেট্টি শ্রীনিবাস রাও-এর কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। এই মেসেজে সাংসদের নাম ব্যবহার করে প্রতারকরা একটি আর্থিক লেনদেনের অনুরোধ করে। তিনি সেই অনুরোধ অনুযায়ী ৯২ লাখ টাকা স্থানান্তর করলে অপরাধীরা সেই অর্থ আত্মসাৎ করে নেয়।
এই প্রতারণার বিষয়টি নজরে আসে গত ৮ সেপ্টেম্বর। ওই সময়ে উদয় শ্রীনিবাস কোম্পানির অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু আর্থিক অনিয়ম লক্ষ্য করেন। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। তদন্তে জানা যায়, ওই প্রতারকরা প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে হাইপ্রোফাইল ব্যক্তিরাও যে সাইবার অপরাধীদের থেকে সুরক্ষিত নন, তা আবারও প্রমাণিত হলো।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এত বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হলো, তা খতিয়ে দেখছে তারা।