ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত নিয়ে মন্তব্যে ভারতের জয়জয়কার, বিশ্ব মঞ্চে ভারতের গুরুত্ব আরও বাড়ল

ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করে আলোড়ন তুলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি মার্কিন সংসদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিকে জানিয়েছেন যে, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবদিক থেকেই অত্যন্ত ‘বিশেষ’। অন্য অনেক দেশের তুলনায় আমেরিকা ভারতকে বাড়তি গুরুত্ব দেয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে বেছে নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের জন্য মার্কিন সংসদীয় কমিটির অনুমোদন প্রয়োজন। সেখানেই হাজির হয়ে রুবিও ভারত সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

রুবিও বলেন, “সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কের অভিঘাত আমেরিকার কাছে পৃথিবীর অন্য অনেক দেশের সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগামীদিনে এই সম্পর্ক আরও ভালো হবে বলে আমি আশা করি। আমি আগেও বলেছি, একুশ শতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এক নতুন ইতিহাস রচনা করবে। আর তাই আমাদের এমন কাউকে দরকার যিনি এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন।”

রুবিও ভারতের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্ককে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে।” এরপরই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গে কথা বলেন।

সাম্প্রতিক শুল্ক যুদ্ধের আবহে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একসময় ভারতের ওপর ২৫ শতাংশ এবং পরে রাশিয়া থেকে তেল কেনার কারণে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। এমনকি, সম্প্রতি ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে অনুরোধ করেছেন। অন্যদিকে, ভারতও রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এই পরিস্থিতিতে মার্কো রুবিওর মন্তব্য ভারত-মার্কিন সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।