অনন্য সম্পর্ক ট্রাম্প-মোদীর! টানাপোড়েনের মধ্যেও প্রশংসা, কীসের ইঙ্গিত দিলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত?

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ক্ষেত্রে দ্বিপাক্ষিক টানাপোড়েন থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ককে ‘অনন্য’ বলে বর্ণনা করলেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
মার্কিন সিনেটের বিদেশ বিষয়ক কমিটিতে কনফার্মেশন শুনানিতে সার্জিও গোর বলেন, “ট্রাম্প-মোদীর সম্পর্ক সত্যিই অসাধারণ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু বাধা-বিপত্তি থাকলেও দুই নেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা একেবারেই আলাদা।”
তিনি আরও বলেন, ট্রাম্প যখনই ভারতের কোনো নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন, তখনও তিনি মোদীর ব্যক্তিগত নেতৃত্বের প্রশংসা করতে ভোলেননি। গোর মনে করেন, এই বন্ধুত্বের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা, যা শুধু কূটনৈতিক নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের ওপরও প্রতিষ্ঠিত।
সার্জিও গোর দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তাই তার এই মন্তব্যকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যনীতি, ভিসা সমস্যা এবং কৌশলগত কিছু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার মধ্যেও গোরের এই বক্তব্য দুই দেশের সম্পর্ককে একটি নতুন বার্তা দিচ্ছে। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান শীতলতা কাটিয়ে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি ইঙ্গিত হতে পারে।