বিভীষিকাময় নেপাল! বিক্ষোভের মুখে হোটেল থেকে ঝাঁপ, ভারতীয় দম্পতির মর্মান্তিক পরিণতি

নেপালে GenZ-দের বিক্ষোভের মধ্যে পড়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন এক ভারতীয় দম্পতি। পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য নেপালে গিয়েছিলেন তারা। কিন্তু বিক্ষোভের জেরে হোটেলে আগুন ধরিয়ে দিলে প্রাণ বাঁচাতে চার তলা থেকে ঝাঁপ দেন ওই দম্পতি। এতে ৫৫ বছর বয়সী স্ত্রী রাজেশ গোলা নিহত হয়েছেন এবং তার স্বামী রামবীর সিং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রাজেশ ও রামবীর সিং কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলে উঠেছিলেন। গত ৭ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই একদল উত্তেজিত জনতা হোটেলটি ঘিরে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রাণ বাঁচাতে এবং বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচতে ওই দম্পতি হোটেলের চার তলা থেকে নিচে ঝাঁপ দেন। এতে তারা গুরুতর আহত হন। এরপরই উন্মত্ত জনতার মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে যান। রামবীর কোনোমতে একটি ত্রাণ শিবিরে আশ্রয় নেন এবং সেখানেই জানতে পারেন যে তার স্ত্রী রাজেশ মারা গেছেন। রামবীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজেশের ছেলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “মা-বাবার এমন মর্মান্তিক পরিণতি হবে, তা আমরা কোনোদিন কল্পনাও করিনি। মায়ের জন্য এটাই শেষ তীর্থযাত্রা হয়ে রইল।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন বড় একটি হোটেলে হামলা হতে পারে, তা তারা ভাবতে পারেননি। একইসঙ্গে, তারা এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস থেকে খুব কম সাহায্য পেয়েছেন বলেও অভিযোগ করেন। অনেক কষ্টে পরিবারের সদস্যরা রাজেশের মরদেহ গাজিয়াবাদে ফিরিয়ে আনতে পেরেছেন।