ঐতিহ্যই মূল আকর্ষণ! আসানসোলের কর্মকার বাড়ির পূজায় ভিড় করেন আমেরিকার সদস্যরাও

যখন চারিদিকে থিমের পুজোর প্রতিযোগিতা চলছে, তখন আসানসোলের হিরাপুরের কর্মকার বাড়ির আদি দুর্গা পূজা তার ঐতিহ্য ও রীতিনীতি বজায় রেখে চলেছে। প্রায় ২৬৮ বছর ধরে চলে আসা এই পুজোতে এখনও শহরের জাঁকজমকপূর্ণ লাইট নয়, বরং পুরনো ঝাড়বাতি এবং টিউবলাইট ব্যবহার করে মণ্ডপ সাজানো হয়।
এই পুজোর প্রধান আকর্ষণ হল এর ইতিহাস এবং পুরনো রীতিনীতি। এই বাড়ির সদস্যরা জানান, ১৭৫৭ সালে নন্দলাল কর্মকার এই পুজোর সূচনা করেন। কথিত আছে, তিনি দামোদর নদীতে স্নান করতে গিয়ে একটি ঘট পান এবং সেই ঘট দিয়েই পুজোর প্রতিষ্ঠা করেন। পরে ৮০-৮৫ বছর ধরে এখানে প্রতিমা তৈরি করে পুজো করা হচ্ছে। প্রতিমাটি সম্পূর্ণ ডাকের সাজে সাজানো হয়।
কর্মকার বাড়ির পুজোয় কোনো বলি প্রথা নেই। এখানে শুধুমাত্র চাল কুমড়ো এবং আঁখ বলি দেওয়া হয়। ভোগে নিবেদন করা হয় খই এবং ঢেঁকি ছাড়া মেশিনে কোটা আতপ চালের আর্সে তৈরি বিভিন্ন মিঠাই ও ফল। এই ঐতিহ্যবাহী পুজোতে অংশ নিতে প্রতি বছর সুদূর আমেরিকা থেকে কর্মকার পরিবারের সদস্যরা চলে আসেন।