GST-কমতেই ধামাকা অফার! পুজোর আগে ফ্লিপকার্টে বাম্পার সেলের সম্ভাবনা

আগামী ২২ সেপ্টেম্বর থেকে সারা দেশে নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। আর ঠিক সেই দিনেই উৎসবের মরশুমের শুরুতেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তাদের বহুল প্রতীক্ষিত ‘বিগ বিলিয়ন ডে’ শুরু করছে। জিএসটি কমার ফলে এবার শুধু ‘বিগ বিলিয়ন ডে’ নয়, বরং সারা বছরই বিক্রি ব্যাপক পরিমাণে বাড়বে বলে আশা করছে ফ্লিপকার্ট।

ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারত চিনামানথুর কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কেন্দ্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একক জিএসটি কর কাঠামো তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।’ তার মতে, এই নতুন কর ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতা উভয়েই লাভবান হবেন, যা মানুষের মধ্যে বেশি করে কেনাকাটার আগ্রহ বাড়াবে।

এই জিএসটি সংস্কারের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ছোট ও মাঝারি সংস্থাগুলোর (MSME) জন্য ব্যবসা করা সহজ হবে। এর ফলে, ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর এবং তাঁতিদের ই-কমার্স প্ল্যাটফর্মে যোগ দেওয়া অনেক সহজ হয়ে যাবে।

ফ্লিপকার্ট আশা করছে, এই বছরের ‘বিগ বিলিয়ন ডে’-তে তাদের দৈনিক ডেলিভারি সংখ্যা ৪০ লাখ থেকে বেড়ে ১ কোটিতে পৌঁছাতে পারে। ডাটুম ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট অনুযায়ী, জিএসটি পরিবর্তন না হলে চলতি বছরে উৎসবের মরশুমে বিক্রির পরিমাণ মাত্র ৫-৭% বৃদ্ধি পেত। কিন্তু এখন তা ২৭% বেড়ে ১.২ লক্ষ কোটি টাকা হতে পারে। গত বছর এই অঙ্ক ছিল ৮১ হাজার কোটি টাকা।

দেশের ছোট শহরগুলো থেকে অনলাইন কেনাকাটার চাহিদা বাড়ায় ফ্লিপকার্ট এখন টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলোতে তাদের ফুলফিলমেন্ট সেন্টার বাড়াতে বিশেষ জোর দিচ্ছে। বর্তমানে ফ্লিপকার্টের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার পশ্চিমবঙ্গের হরিণঘাটায় অবস্থিত। এই কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রায় ১ হাজার পিনকোডে পণ্য পৌঁছে দেওয়া হয়।

ফ্লিপকার্ট তাদের প্ল্যাটফর্মের বিক্রেতাদের নানাভাবে সহায়তা করছে, যাতে তাদের ব্যবসা বৃদ্ধি পায়। এর মধ্যে রয়েছে রিয়েল-টাইম বিক্রি পর্যবেক্ষণ, চাহিদার তথ্য বিশ্লেষণ এবং দ্রুত ডেলিভারির ব্যবস্থা করা।