ভয়াবহ! দেশের সবচেয়ে নোংরা ট্রেনের নাম প্রকাশ্যে, যাত্রীদের অভিজ্ঞতা শুনে চমকে উঠবেন

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। তবে সম্প্রতি এক ট্রাভেল ব্লগার দেশের সবচেয়ে নোংরা ট্রেনের ভিডিও শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে গেছেন। ভিডিওটিতে ট্রেনের বগি থেকে টয়লেট পর্যন্ত সর্বত্র অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে, যা দীর্ঘ যাত্রাকে দুর্বিষহ করে তোলে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসকে দেশের সবচেয়ে অপরিষ্কার ট্রেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ট্রেনটি প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এবং যাত্রা শেষ করতে ৭৫ ঘণ্টা সময় নেয়। এই দীর্ঘ যাত্রায় যাত্রীদেরকে অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হতে হয়।

ট্রাভেল ব্লগার উজ্জ্বল সিংয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ট্রেনের বসার সিট, টয়লেট ও বেসিনে যত্রতত্র ময়লা ছড়িয়ে আছে। পানের পিক ও সিগারেটের টুকরোয় ভর্তি টয়লেটে অনেক সময় পানিও থাকে না। এছাড়াও, ট্রেনের খাবারের মানও অত্যন্ত খারাপ বলে অভিযোগ করা হয়েছে।

এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় রেল একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। যাত্রীরা নোংরা পরিবেশ বা পানির অভাবের মতো সমস্যা হলে সেই নম্বরে অভিযোগ জানাতে পারেন। সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, ভারতীয় রেলে অপরিচ্ছন্নতা নিয়ে ১ লক্ষ ২৮০ বারের বেশি অভিযোগ জমা পড়েছে।