মাতৃত্বকালীন বিরতির কারণে বেশ কিছুদিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এবার তার নতুন একটি পরিচয়ে মুগ্ধ হলেন ভক্তরা— এক বছর বয়সী মেয়ে দুয়ার জন্য একজন যত্নশীল মা হিসেবে। সম্প্রতি মেয়ের প্রথম জন্মদিনে তিনি নিজের হাতে কেক বানিয়েছেন, যার ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে দীপিকা তার বানানো চকোলেট কেকের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার ভালোবাসার ভাষা, মেয়ের প্রথম জন্মদিনে কেক বানানো।” এই ছবিটি দ্রুত ভাইরাল হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি পছন্দ করেছেন। যদি আপনারও ইচ্ছা হয় এমন একটি চকোলেট কেক বানানোর, তাহলে জেনে নিন ওভেন ছাড়াই কীভাবে সহজে এটি তৈরি করতে পারেন।
উপকরণ:
ময়দা – ১ কাপ
চিনি – ১/২ কাপ
কোকো পাউডার – ২ বড় চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
বেকিং সোডা – ১/২ চা চামচ
হালকা গরম দুধ – ১ কাপ
তেল
প্রণালী:
১. প্রথমে একটি প্রেসার কুকারে নিচে লবণ বা স্ট্যান্ড রেখে ১০ মিনিট কম আঁচে প্রিহিট করুন। কুকারের সিটি এবং রাবার খুলে নিন।
২. একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার এবং বেকিং সোডা একসঙ্গে চেলে নিন।
৩. এর মধ্যে গুঁড়ো করা চিনি, দুধ এবং তেল দিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।
৪. সামান্য ভ্যানিলা এসেন্স এবং লেবুর রস মিশিয়ে নিন।
৫. মিশ্রণটি একটি বেকিং টিনে ঢেলে কুকারের ভিতরে বসিয়ে দিন।
৬. কুকারের ঢাকনা বন্ধ করে ৩৫-৪০ মিনিট পর্যন্ত কম আঁচে রান্না করুন।
৭. একটি টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে দেখুন। যদি টুথপিক পরিষ্কার বেরিয়ে আসে, তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে।
কেকটি ঠান্ডা করে উপরে চকোলেট সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।