আট দিনেই শক্তি ক্ষয়, হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিকো’

হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিকো। তবে স্বস্তির খবর হলো, মাত্র আট দিনেই এই ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেক কমে গেছে। শনিবার এটি চতুর্থ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ছিল, যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কিন্তু বর্তমানে এটি ক্যাটাগরি-২ ঝড়ে পরিণত হয়েছে, যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
কিকোর তীব্রতা কমে গেলেও বিপদ এখনও কাটেনি। এটি সপ্তাহের মাঝামাঝি সময়ে হাওয়াইয়ের কাছাকাছি পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুক সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার জন্য আগাম প্রস্তুতি নিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরাসরি আঘাতের পূর্বাভাস না থাকলেও, ঝড়ের প্রভাবে দ্বীপপুঞ্জগুলিতে বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং তীব্র ঢেউ আঘাত হানতে পারে।
জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, কিকো ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে এবং সোমবারের শেষ নাগাদ একটি সাধারণ ঝড় বা কালবৈশাখীর মতো ঝড়ে পরিণত হবে। তবে এই ধরনের ঝড়ও বিপজ্জনক হতে পারে, তাই স্থানীয় প্রশাসন সকল প্রকার সতর্কতা জারি রেখেছে।