যত্রতত্র আবর্জনা ফেললেই দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা, শহর পরিষ্কারে কড়া পদক্ষেপ পুরুলিয়া পৌরসভার

শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব থাকায় এবার থেকে যত্রতত্র আবর্জনা ফেললে গুনতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা। এই জরিমানার পরিমাণ ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

এই নতুন নিয়মটি প্রথম চালু হয়েছে পুরুলিয়া শহরে। পুরো শহরজুড়ে অন্তত ২৫টি জায়গায় বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, যেখানে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে। হোর্ডিংগুলোতে লেখা রয়েছে: “এখানে আবর্জনা ফেলবেন না। অন্যথা ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।”

পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ডাস্টবিন দেওয়া হয়েছে এবং আবর্জনা সংগ্রহের জন্য নিয়মিত গাড়িও পাঠানো হয়। কিন্তু তারপরেও শহরের রাস্তা এবং বাজার এলাকাগুলোতে আবর্জনার স্তূপ দেখা যায়। প্রশাসন মনে করছে, শুধুমাত্র সচেতনতা বাড়ানোর প্রচার যথেষ্ট নয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে মানুষ ভয় পাবে এবং নিয়ম মানবে।

পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ দাগা বলেন, “পুরসভার পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়ার পরেও অনেকে এখনও সচেতন হননি। বিশেষ করে ফল ও সবজি বিক্রেতারা যত্রতত্র আবর্জনা ফেলেন। আমরা চাই না কাউকে জরিমানা করতে হোক, মানুষ নিজেরাই সচেতন হোক।”

এই কড়া পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার শহরগুলোকে আরও পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখতে চাইছে।