Recipe: আমড়া দিয়ে রান্না করুন ইলিশের টক, বাঙালির প্রাচীন স্বাদে হোক রসনাতৃপ্তি

বর্ষার মরসুমে ইলিশের হরেক পদ তো নিশ্চয়ই খেয়েছেন। এবার স্বাদবদল করে দেখুন ওপার বাংলার এক দারুণ রেসিপি— আমড়া দিয়ে ইলিশের টক। স্বাদে টক-ঝাল-মিষ্টির এক দারুণ মেলবন্ধন, যা ভাতের সাথে জমে যাবে। রেসিপিটি খুব সহজ, আর স্বাদ? অসাধারণ! চলুন দেখে নিই, কীভাবে বানাবেন।
উপকরণ:
- ইলিশ মাছ: ৪ টুকরা
- হলুদ গুঁড়ো: আধা চা-চামচ
- লবণ: পরিমাণমতো
- সর্ষের তেল: ৩ টেবিল চামচ
- পাঁচফোড়ন: ১ চা-চামচ
- শুকনো লঙ্কা: ২টি
- পেঁয়াজ বাটা: আধা কাপ
- রসুন বাটা: ১ চা-চামচ
- কাঁচা লঙ্কা: ৪-৫ ফালি করা
- আমড়া: ৬টি (খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কাটা)
- তেঁতুল ক্বাথ: আধা কাপ
- জল: পরিমাণমতো
- চিনি: আধা চা-চামচ
প্রস্তুত প্রণালি:
১. মাছ প্রস্তুত: প্রথমে ইলিশ মাছের টুকরাগুলোতে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন।
২. মাছ ভাজা: একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে মাছের টুকরাগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
৩. মশলা কষানো: একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তাতে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিন। এরপর পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে হলুদ, লবণ এবং চেরা কাঁচা লঙ্কা যোগ করুন।
৪. আমড়া ও তেঁতুলের ব্যবহার: মশলা ভালো করে কষে গেলে কেটে রাখা আমড়া এবং তেঁতুলের ক্বাথ মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিমাণমতো জল দিয়ে কড়াই ঢেকে দিন।
৫. ফিনিশিং টাচ: আমড়া নরম হয়ে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিন। আলতো করে নেড়ে আরও ৫-৭ মিনিট অল্প আঁচে ঢেকে রান্না করুন। রান্নার শেষে চিনি দিয়ে হালকা নেড়ে গ্যাস বন্ধ করে দিন।
ব্যাস! তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু আমড়া দিয়ে ইলিশের টক। গরম ভাতের সাথে এই পদটি পরিবেশন করুন আর উপভোগ করুন বর্ষার ইলিশের ভিন্ন স্বাদ।