নেপালে প্রলয়ঙ্করী বন্যা! ২২৯টি পচে যাওয়া অজ্ঞাতপরিচয় লাশ দাফন করতে শুরু করল প্রশাসন

নেপালে বিধ্বংসী বন্যার বিভীষিকা কাটতে না কাটতেই এবার ভয়াবহ মানবিক ও স্বাস্থ্যসংকট দেখা দিল। রাসুয়া ও চিতওয়ান জেলা থেকে উদ্ধার হওয়া ২২৯টি অজ্ঞাতপরিচয় ও বিকৃত মৃতদেহ গণদাফন করা শুরু করেছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যঝুঁকি ও মারাত্মক সংক্রমণ এড়াতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুর্যোগে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬০০ ছাড়িয়েছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিতওয়ান জেলায় উদ্ধার হওয়া ২৩৩টি মরদেহের মধ্যে মাত্র চারটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ২২৯টি মৃতদেহ এতটাই পচে গিয়েছিল যে খালি চোখে তা চেনার উপায় ছিল না। পচন ধরায় সংক্রামক ব্যধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসন শেষ পর্যন্ত সেগুলোকে দাফনের সিদ্ধান্ত নেয়।
তবে নিখোঁজ স্বজনদের কথা মাথায় রেখে প্রত্যেকটি মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্টিলের প্লেটে বিশেষ শনাক্তকরণ নম্বর ট্যাগ করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে ডিএনএ মিললে পরিবারের লোকজন মৃতদেহগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এদিকে, এই প্রলয়ংকরী বন্যায় এখনও ২৮৭ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে এবং ডিএনএ নমুনা বিশ্লেষণে সহায়তা করতে ভারতের পক্ষ থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ছয়টি দল খুব শীঘ্রই কাঠমান্ডুতে পৌঁছানোর কথা রয়েছে।