‘মুসলিমদের ক্ষোভ প্রশমণ করতে হুমায়ুনকে দিয়ে নতুন দল বানাচ্ছে তৃণমূলই’- দাবি শমীকের

রাজ্যের মুসলিমদের একাংশের মধ্যে থাকা ক্ষোভ প্রশমিত করতে তৃণমূল কংগ্রেস নিজেই বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে নতুন দল গঠনের পরিকল্পনা করেছে। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের বিধায়করা বুঝে গেছেন যে তৃণমূলের ক্ষমতা থেকে বিদায় নিশ্চিত।
‘তৃণমূলের বিদায় নিশ্চিত’
শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের বিদায় নিশ্চিত। এটা তৃণমূলের বিধায়করাও বুঝে গেছেন। ক্রমবর্ধমান জনরোষ তাদের ওপর আছড়ে পড়ছে। তাই নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি হচ্ছে।” তিনি হুমায়ুন কবির প্রসঙ্গে বলেন, “হুমায়ুন কবিরকে মানুষ চেনেন। তিনি অনেক বার দল পরিবর্তন করেছেন। তার বক্তব্যও মানুষ শুনেছে। তিনি একটা নতুন দল করছেন, না কি তৃণমূল তাকে দিয়ে ক্ষোভ প্রশমিত করার জন্য একটা দল করিয়ে নিচ্ছে, সেটা যে অঞ্চলে তিনি দলটি করবেন সেই অঞ্চলের মানুষ বুঝতে পারবেন।”
‘বিজেপি বিভাজনের রাজনীতি করে না’
বিজেপির রাজ্য সভাপতির দাবি, “সংখ্যালঘু, সংখ্যাগুরু করে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনো দিন করেনি। বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে, হিন্দু বা মুসলমানের জন্য নয়।”
হুমায়ুন কবিরের হুঁশিয়ারি
উল্লেখ্য, বুধবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন যে, ১৫ই আগস্টের মধ্যে দলীয় নেতৃত্ব বহরমপুর জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে তিনি পৃথক দল গঠন করবেন। তার দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে এবং নতুন দলটি বিধানসভা নির্বাচনে ৫০টির কাছাকাছি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই নবগঠিত দল ১৫ থেকে ২৫টি আসনে জয়লাভ করবে বলেও তিনি আশাবাদী। হুমায়ুন কবিরের এই ঘোষণার পরেও তৃণমূল এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলেন, “আগে উনি ইস্তফা দিন, তার পর এসব কথা বলুন।”