Weather: ঘূর্ণিঝড় ‘উইফা’র প্রভাবে দুর্যোগের পূর্বাভাস, বঙ্গে শুরু অতি ভারী বৃষ্টি, সতর্কতা জারি

অপেক্ষার অবসান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, আর সেইমতোই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং ঘনীভূত হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও সপ্তাহভর দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চীন ও ভিয়েতনামে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘উইফা’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। একইসঙ্গে, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপরেও আরও তিনটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ওপর ভর করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন রাজ্যে বেশ সক্রিয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজ (বৃহস্পতিবার): বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

শুক্রবার: এইদিনও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা (কমলা সতর্কতা)। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি ১১টি জেলায় থাকবে হলুদ সতর্কতা।

শনিবার: হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস।

রবিবার ও সোমবার: রবিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার: দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও এই সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারও সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

কলকাতার হালচাল

কলকাতায় বুধবার ঝলমলে রোদ থাকলেও, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ আর বৃষ্টির খেলা চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মহানগরে ভারী বৃষ্টি হতে পারে এবং এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষ পর্যন্ত এই বৃষ্টি চলবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।