প্রতিদিন স্নান নয়! বস্টন ইউনিভার্সিটির গবেষণায় ভিন্ন মত, পরিচ্ছন্ন থাকার ৫ কৌশল

স্নানের কথা মনে এলেই অনেকের কাঁপুনি আসে, আবার কেউ কেউ দায়সারাভাবে দু’মগ জল ঢেলে বেরিয়ে আসেন। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির একদল গবেষক বলছেন, নিয়মিত স্নান না করাই নাকি ভালো! শুনতে অবাক লাগলেও, মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন স্নান করাটা অনেকটাই একটি সামাজিক রীতি বা অভ্যাস। তাদের যুক্তি হলো, শরীর পরিচ্ছন্ন রাখাটাই আসল, আর স্নান না করেও তা সম্ভব।
গবেষকরা বলছেন, প্রতিদিন স্নান করার অভ্যাস আসলে শরীর পরিচ্ছন্ন রাখার একটি উপায় মাত্র। কিন্তু স্নান না করেও শরীর পরিচ্ছন্ন রাখার আরও অনেক পদ্ধতি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক তেমনই পাঁচটি কৌশল, যা আপনাকে শীতকালে বা যখন স্নান করার সুযোগ নেই, তখন পরিচ্ছন্ন থাকতে সাহায্য করবে:
স্নান না করেও পরিচ্ছন্ন থাকার ৫ কৌশল
১. আঁটসাঁট পোশাকে ‘না’: আমরা অনেকেই শীতকালে উষ্ণতার জন্য আঁটসাঁট পোশাক পরি। কিন্তু গবেষকদের মতে, শীতকালে কখনোই আঁটসাঁট পোশাক পরা উচিত নয়। আঁটসাঁট পোশাক পরলে শরীরে ঘাম বা দুর্গন্ধ বেশি হয়। তাই শীতকালে ঢিলেঢালা পোশাক পরুন। এতে ঘাম হবে না, দুর্গন্ধও জমবে না।
২. চুলের যত্ন ড্রাই শ্যাম্পুতে: শরীরের মতো চুলের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা জরুরি। অনেকেরই চুল দু-একদিন না ধুলেই চিটচিটে হয়ে যায় এবং দুর্গন্ধ হয়। শীতে প্রতিদিন চুল না ভেজালেও ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ড্রাই শ্যাম্পু স্প্রে করার পর ভালো করে মাথা আঁচড়ে নিন। সম্ভব হলে প্রতিদিন অন্তত ৫-৬ বার চুলে ব্রাশ করুন।
৩. বডি স্প্রে বা পারফিউমের সঠিক ব্যবহার: কাজের চাপে বাড়ি ফিরতে গভীর রাত? রাতে স্নান না করে যে সকালে স্নান করবেন, তারও উপায় নেই? সেক্ষেত্রে ঘুমানোর আগেই গায়ে বডি স্প্রে বা পারফিউম মেখে নিন, আর সকালে ঘুম থেকে উঠে আরেকবার। এতে শরীরে কোনো দুর্গন্ধ হবে না।
৪. পায়ের পরিচ্ছন্নতা আবশ্যিক: শীতে নিয়মিত স্নান করুন বা না করুন, সাবান দিয়ে পা পরিষ্কার করতে ভুলবেন না। কারণ, সারাদিন জুতা পরে থাকার কারণে পায়ে প্রচুর জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে যায়। তাই পায়ের তলা, আঙুলের খাঁজগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এর পাশাপাশি জুতা পরার সময় সম্ভব হলে পায়ে ও জুতার ভেতরে সামান্য পাউডার ছিটিয়ে বা পারফিউম স্প্রে করে নিন।
৫. পারফিউম ব্যবহারের সঠিক কৌশল: পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে তা সঠিক উপায়ে মাখুন। পারফিউম দিন শরীরের ‘পালস পয়েন্ট’-এ। যেমন, ঘাড়ে, কবজি বা কনুইয়ের ভেতরের দিকে। পারফিউম স্প্রে করে ঘষবেন না। চেষ্টা করুন শরীরের একটু দূর থেকে স্প্রে করে আলতো করে আঙুলের ডগা দিয়ে শরীরে মেখে নিতে।