“সুড়ঙ্গের মুখই ঢাকা পড়ে গেছে কাদা-পাথরে!”-ভেতরে আটকে ১০০-র বেশি মানুষ, উদ্ধারে সেনা

প্রলয়ঙ্কারী হড়পা বানের জোড়া ফলায় বিপর্যস্ত নেপালে এবার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়লেন শতাধিক মানুষ। বুধবারের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গের ভেতরে প্রায় একশো জনেরও বেশি শ্রমিক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন বলে খবর মিলেছে। তাঁদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছে নেপাল সেনা।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, আটকে থাকা মানুষদের দ্রুত খুঁজে বের করে সুকৌশলে উদ্ধার করাই এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য। ঘটনাস্থলে ইতিমধ্যেই দুটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে ভয়াবহ এই উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল পরিস্থিতি। সেনার তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনের লাগাতার হড়পা বান ও কাদার স্তূপে সুড়ঙ্গের মূল মুখটুকুই সম্পূর্ণরূপে ঢেকে গেছে, যার ফলে সুড়ঙ্গ চিহ্নিত করতেই হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং তীব্র জলস্রোতকে উপেক্ষা করে নেপালি সেনা ইতিমধ্যেই সুড়ঙ্গের ভেতর থেকে প্রায় সাড়ে তিনশো জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত সুড়ঙ্গের অন্দরে একশোরও বেশি মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং সুড়ঙ্গের ভেতরে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন সেনা জওয়ানরা। প্রাকৃতিক এই চরম দুর্যোগের মাঝে আটকে থাকা মানুষগুলির জীবন রক্ষা করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।