পুড়ে যাওয়া রান্নার চিন্তা নেই! সহজ উপায়ে দূর করুন পোড়া গন্ধ

রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ফেলাটা খুবই সাধারণ একটি ঘটনা। আপনি যতই দক্ষ রাঁধুনি হোন না কেন, অসাবধানতাবশত এমনটা হতেই পারে। মূলত রান্নার সময় অন্যমনস্ক হয়ে যাওয়া বা রান্না চাপিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়াই এর প্রধান কারণ। সাধের রান্না পুড়ে গেলে অনেকেই হতাশ হয়ে সেই খাবার ফেলে দেন। এতে শুধু সময় ও খাবার দুটোই নষ্ট হয়। কিন্তু খাবারের পোড়া গন্ধ দূর করতে পারলে সেই খাবার আর ফেলে দিতে হবে না। চলুন জেনে নেওয়া যাক খাবার থেকে পোড়া গন্ধ দূর করার কিছু সহজ উপায়।

মাংস পুড়ে গেলে কী করবেন?
মশলা কষিয়ে রান্না করছিলেন মাংস, কিন্তু হঠাৎ মন অন্যদিকে চলে গেল আর পুড়ে গেল আপনার পছন্দের পদ। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে প্রথমে চামচের সাহায্যে সাবধানে পোড়া অংশ এড়িয়ে বাকি মাংসগুলো তুলে নিন। এরপর অন্য একটি পাত্রে পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার তুলে রাখা মাংসগুলো এই পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিন। পেঁয়াজের সুন্দর গন্ধে মাংসের পোড়া গন্ধ অনেকটাই দূর হয়ে যাবে। চাইলে ঝোলও করতে পারেন।

ঝোল পুড়ে গেলে সমাধান
অনেক সময় মাছ বা মাংসের ঝোল পুড়ে যায়। হয়তো চুলায় বসিয়ে অন্য কাজে গেছেন, আর এদিকে ঝোল ধরে গেছে। এমনটা হলে একটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন। প্রথমে মাছ বা মাংস, যা রাঁধতে নিয়েছিলেন, সেগুলো ঝোল থেকে আলাদা করে নিন। এবার পোড়া ঝোলের সাথে কয়েক টুকরো কুমড়ো যোগ করুন। কুমড়ো সেদ্ধ হলে সেগুলো তুলে নিন। এতে খাবারের পোড়া গন্ধ সহজেই দূর হবে। এই পদ্ধতিতে কুমড়োর বদলে আলুও ব্যবহার করা যায়।

ভাত পুড়ে গেলে করণীয়
অনেকেই বসা ভাত রান্না করেন, যা পুষ্টির দিক থেকে ভালো। কারণ মাড় ফেলে রান্না করলে ভাতের বেশিরভাগ পুষ্টি নষ্ট হয়ে যায়। বসা ভাত রাঁধতে গিয়ে অনেক সময় নিচের দিকে ধরে যায় বা পুড়ে যায়। এমনটা হলে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করবেন না, কারণ এতে পোড়া গন্ধ পুরো ভাতে ছড়িয়ে যেতে পারে।

প্রথমে চুলা বন্ধ করে দিন। এরপর উপরের দিকের ভাতগুলো সাবধানে অন্য একটি হাঁড়িতে সরিয়ে নিন। ভাত থেকে পোড়া গন্ধ দূর করা বেশ কঠিন। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো, ভাতের উপর কয়েক টুকরো পাউরুটি রেখে দিন। এবার হাঁড়িটি আবার অল্প আঁচে চুলায় বসাতে হবে। পাউরুটির টুকরোগুলো ভাতের পোড়া গন্ধ শুষে নেবে। তবে খেয়াল রাখবেন, চুলার আঁচ যেন বেশি না হয়।

এই সহজ টিপসগুলো মেনে চললে আপনার সাধের রান্না আর ফেলে দিতে হবে না, আর আপনিও উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার!