চুল পড়া রুখতে রান্নাঘরের ম্যাজিক, রসুনের অনবদ্য ব্যবহার!

রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন। এই প্রাকৃতিক ভেষজটি কেবল রান্নার স্বাদই বাড়ায় না, এর আছে নানা পুষ্টিগুণ যা শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানে দুর্দান্ত কাজ করে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে অনেক রোগবালাই দূরে থাকে। তবে রসুনের উপকারিতা এখানেই শেষ নয়; চুলের যাবতীয় সমস্যার মুশকিল আসান করতেও রসুন দারুণ কার্যকর!

চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ নির্বিশেষে কমবেশি সবাই দুশ্চিন্তায় ভোগেন। বিভিন্ন হেয়ার প্যাক থেকে শুরু করে নামি-দামি তেল ব্যবহার করেও অনেক সময় এই সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ে। তবে আশার কথা হলো, রান্নাঘরের সহজলভ্য এই উপাদানটিই আপনার চুল পড়ার সমস্যা দূর করতে পারে। রসুনে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক এবং সালফার মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়াও রসুনে মজুত সেলেনিয়াম চুলের গোড়ায় রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, যার ফলে চুল পড়ার সমস্যা কমে।

রসুনের নিয়মিত ব্যবহারে খুশকির প্রকোপ যেমন কমে, তেমনই কোলাজেনের উৎপাদনও বেড়ে যায়। যে কারণে চুলের ঘনত্ব তো বাড়েই, সঙ্গে জেল্লাও বাড়ে চোখে পড়ার মতো। তবে এর জন্য জানতে হবে চুলে রসুন ব্যবহারের সঠিক উপায় সম্পর্কে:

চুলে রসুন ব্যবহারের সহজ উপায়:
১. রসুনের পেস্ট ও ম্যাসাজ: ৮-১০টি রসুনের কোয়া নিয়ে ভালো করে বেটে একটি পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ বার এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাবেন।

২. রসুন ও গোলাপ জলের ট্রিটমেন্ট: রসুনের পেস্ট তৈরি করে তার থেকে রস নিংড়ে নিন। প্রথমে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত গোলাপ জল লাগিয়ে কম করে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পরিমাণ মতো রসুনের রস নিয়ে চুল ও মাথার ত্বকে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে নিয়ে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ১৫ মিনিট পর কন্ডিশনার দিয়ে আরও একবার চুল ধুয়ে নিতে ভুলবেন না। সপ্তাহে ২ বার এভাবে চুলের যত্ন নিলে চুল পড়ার মাত্রা কমবে এবং চুলের ঘনত্বও বাড়বে।

৩. আদা, রসুন ও ক্যাস্টর অয়েল: ৭-৮টি রসুনের কোয়া এবং দুই ইঞ্চি আদা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে আধা কাপ ক্যাস্টর অয়েল নিয়ে ২ মিনিট জ্বাল দিন। যতক্ষণ না মিশ্রণটি খয়েরি রং ধারণ করে, ততক্ষণ জ্বাল দিতে থাকুন। আঁচ বন্ধ করে মিশ্রণটি ছেঁকে তেল সংগ্রহ করুন। তেল ঠান্ডা হলে মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট মালিশ করুন। আধা ঘণ্টা পর ভালো করে চুল ধুয়ে ফেলুন।

৪. রসুন ও মধুর প্যাক: কয়েকটি রসুনের কোয়া ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুল ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সব শেষে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। সপ্তাহে ৩ বার এই মিশ্রণ চুলে লাগিয়ে মালিশ করলে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়াও বন্ধ হবে এবং চুলের আর্দ্রতা বেড়ে চুল আরও ঝলমলে হয়ে উঠবে।